কক্সবাজারে নারীকে সংঘবদ্ধ ধর্ষণের মামলায় গ্রেফতার আসামি ইস্রাফিল হুদা জয়ের ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বুধবার (২৯ ডিসেম্বর) বিকেলে কক্সবাজারের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আবুল মনসুর সিদ্দিকীর আদালত এ আদেশ দেন।
বিষয়টি নিশ্চিত করে ট্যুরিস্ট পুলিশের কক্সবাজার জোনের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মহিউদ্দিন আহমেদ জানান, মঙ্গলবার গ্রেফতার জয়কে আদালতে তুলে ৭ দিনের রিমান্ডের আবেদন করা হয়েছিল। আদালত শুনানি শেষে তিন দিনের রিমান্ড মনজুর করেছেন।
ভুক্তভোগী নারীর অভিযোগ, গত ২২ ডিসেম্বর শহরের কবিতা চত্বর রোড সংলগ্ন এক ঝুপড়ী ঘরে আটকে রেখে তাকে ধর্ষণ করা হয়। পরে সেখান থেকে তাকে নিয়ে যাওয়া হয় হোটেল-মোটেল জোনের জিয়া গেস্ট ইন নামের আবাসিক হোটেলে। দ্বিতীয় দফায় সেখানেও তিনি ধর্ষণের শিকার হন।
এ ঘটনায় ২৩ ডিসেম্বর চার জনের নাম উল্লেখ করে ও ২/৩ জনকে অজ্ঞাত আসামি করে মামলা দায়ের করেন ভুক্তভোগীর স্বামী। ঘটনার পর মূল অভিযুক্তসহ এ পর্যন্ত ৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ ও র্যাব। প্রধান আসামি আশিক ছাড়া বাকিদের বিভিন্ন মেয়াদে রিমান্ড মঞ্জুর করা হয়েছে।
