মিস ওয়ার্ল্ড বাংলাদেশ জয়ী জান্নাতুল ফেরদৌস ঐশী নিজের শোবিজের নিয়মিত কাজের বাইরে বরাবরই বিভিন্ন সামাজিক কাজে নিয়োজিত থাকেন।
এবারের একুশে ফেব্রুয়ারি উদযাপন উপলক্ষে এক ব্যতিক্রমী আয়োজনে অংশ নিলেন। সকালে রাজধানীর লালমাটিয়ায় বিশেষ শিশুদের সঙ্গে সময় কাটান মিস ওয়ার্ল্ড বাংলাদেশ জান্নাতুল ফেরদৌস ঐশী। তাদের সঙ্গে নিয়ে ভাষা শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন তিনি।
সেইসঙ্গে ছোট্ট শিশুদের ছবি আঁকা দেখেছেন এবং তাদের মাঝে চকলেট ও পুরস্কার বিতরণ করেছেন।
এ প্রসঙ্গে ঐশী বলেন, ‘২১ ফেব্রুয়ারি নিয়ে আমাদের সবার মনে এক ধরনের চিন্তা। ওরা আসলে কতটা অনুভব করে এই বিষয়টা, আদৌ করে কি-না সেটা বুঝতে চেয়েছি। সত্যি বলতে ওরা আমাকে অবাক করে দিয়েছে।
ওদেরকে এ বিষয়ে জিজ্ঞেস করাতে ওরা পুরো বিষয়টা খুব সুন্দর করে উপস্থাপন করলো।’ এই আয়োজনে ঐশী ছাড়াও সেখানে উপস্থিত ছিলেন নৃত্য পরিচালক ইভান শাহরিয়ার সোহাগ ও উপস্থাপিকা শান্তা জাহান।
উল্লেখ্য, সম্প্রতি আদনান আল রাজীবের নির্দেশনায় নতুন বিজ্ঞাপনের কাজ করলেন তিনি। এছাড়াও নিয়মিত বেশকিছু কাছে প্রশংসা কুড়িয়েছেন এরইমধ্যে।
