জন্মগতভাবে বাক্প্রতিবন্ধী। কানেও শোনেন না। তবে ক্রিকেটের ভাষা পুরোটাই জানা সিলেটের গোলাপগঞ্জের বাদেপাশা ইউনিয়নের মোল্লারচকে বেড়ে উঠা পেসার আকসার আহমেদের। মাত্র দুই বছর বয়সে বাবাকে হারানো আকসারের স্বপ্ন আন্তর্জাতিক মঞ্চে দেশের প্রতিনিধিত্ব করা।
এক বোন ও দুই ভাইয়ের মধ্যে আকসার সবার ছোট। মা দিলারা বেগমের সমর্থনে ২৩ বছর বয়সি এই পেসার ছুটছেন স্বপ্ন জয়ে। অনেক প্রতিবন্ধকতা নিয়ে এগিয়ে চলা আকসারের পাশে দাঁড়িয়েছে বিপিএলের ফ্র্যাঞ্চাইজি চট্টগ্রাম চ্যালেঞ্জার্স।
গতকাল বুধবার (২৯ ডিসেম্বর) এক সংবাদ সম্মেলনে দলটি জানিয়েছে, আসন্ন বিপিএলে দলটির নেটে থাকবেন এ তরুণ পেসার। সঙ্গে এক বছরের জন্য আকসারকে আর্থিক সাহায্য দেবে দলটি।
চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের ব্যবস্থাপনা পরিচালক কে এম রিফাতুজ্জামান বলেছেন, ‘আকসার আহমেদ এক বিস্ময় প্রতিভা। অমিত সম্ভাবনার এসব প্রতিভা অনেক সময়ই অযত্ন আর অবহেলায় হারিয়ে যায়। সবচেয়ে বড় বাধা হয় পৃষ্ঠপোষকতা। আমরা এমন সম্ভাবনা হারিয়ে যেতে দিতে পারি না। আমাদের দায়বদ্ধতার জায়গা থেকেই আকসারের পাশে থাকার সিদ্ধান্ত নিয়েছি। ’
