ভারতে লোকসভা নির্বাচনের আগে বাজেট পেশ হয়েছে সংসদে। তাতে ভূরি ভূরি প্রতিশ্রুতি দিয়েছে সরকার; কিন্তু এখনো পর্যন্ত কানাকড়িও হাতে পাননি তারা। তাই ফের পথে নামলেন মহারাষ্ট্রের কৃষকরা। কৃষিঋণ মকুফ, ফসলের ন্যায্য দাম, সেচ সুবিধা এবং পেনশনসহ নানা ইস্যুতে এই নিয়ে গত এক বছরে দ্বিতীয়বার পথে নামলেন তারা। এর আগে, গত বছর মার্চে নাসিক থেকে পায়ে হেঁটে মুম্বাই পৌঁছে ছিলেন রাজ্যের প্রায় ৩০ হাজার কৃষক। -খবর আনন্দবাজার পত্রিকার
বুধবার মার্কসবাদী নেতা ও সমাজকর্মী গোবিন্দ পানসারের চতুর্থ মৃত্যুবার্ষিকী ছিল। ওই দিন মহারাষ্ট্র সরকারের মন্ত্রী গিরীশ মহাজনের সঙ্গে বৈঠক করেন অখিল ভারতীয় কিসান সভা (এআইকেএস) নেতৃত্ব। নিজেদের দাবিদাওয়া তুলে ধরেন তারা; কিন্তু তাতেও সমঝোতায় পৌঁছানো যায়নি। বাধ্য হয়ে রাতেই পথে নামেন সংগঠনের সঙ্গে যুক্ত রাজ্যের ২৩টি জেলার প্রায় ৫০ হাজার কৃষক। নাসিক থেকে ১৮০ কিলোমিটার দূরে অবস্থিত মুম্বাইয়ের উদ্দেশে রওনা দেন তারা। শুরুতে রাজ্য পুলিশের তরফে বাধা দেওয়া হয় আন্দোলনকারীদের। ট্রাক, ম্যাটাডোর এবং ট্র্যাক্টর নিয়ে মিছিলে যোগ দিতে গেলে বিভিন্ন জায়গায় আন্দোলনকারীদের পথ আটকায় রাজ্য পুলিশ; কিন্তু সংবাদ মাধ্যমে বিষয়টি ছড়িয়ে পড়লে পিছু হটে পুলিশ।
আগামী বুধবার স্বাধীনতা সংগ্রামী চন্দ্রশেখর আজাদের ৮৮তম মৃত্যুবার্ষিকী। ওই দিন মুম্বাই এসে পৌঁছবেন আন্দোলনকারী কৃষকরা। সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাত্কারে এআইকেএস নেতা অশোক ধাওয়ালে জানান, ‘‘মিছিলের অনুমতি দেয়নি পুলিশ। তা সত্ত্বেও পথে নেমেছি আমরা। গিরীশ মহাজনের সঙ্গে বৈঠক হয়। দাবি-দাওয়া পূরণের আশ্বাসও দেন তিনি; কিন্তু শুধু মুখের কথায় আর বিশ্বাস করব না আমরা। সেটা ওকেও স্পষ্ট জানিয়ে দিয়েছি। মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়ণবীসকে লিখিত দিতে হবে। যতদিন পর্যন্ত তা না হচ্ছে, আন্দোলন চালিয়ে যাব আমরা।’’
