আইসিসির বর্ষসেরা ওয়ানডে খেলোয়াড়ের মনোনয়ন পেলেন সাকিব

আপডেট : ৩০ ডিসেম্বর ২০২১, ১৫:৪৬

বিভিন্ন ক্যাটাগরিতে ২০২১ সালের সেরা খেলোয়াড়দের মনোনয়ন তালিকা প্রকাশ করতে শুরু করেছে আইসিসি। সেই ধারাবাহিকতায় এবার বর্ষসেরা ওয়ানডে খেলোয়াড়ের মনোনয়নপ্রাপ্ত খেলোয়াড়দের তালিকা প্রকাশ করা হয়েছে। এতে জায়গা পেয়েছেন বাংলাদেশি পোস্টার বয় ও বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।

বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) এক বিবৃতিতে এ তালিকা প্রকাশ করেছে আইসিসি। এতে সাকিব ছাড়াও আরও ৩ জন ক্রিকেটার মনোনয়ন পেয়েছেন। তারা হলেন- পাকিস্তানের অধিনায়ক বাবর আজম, দক্ষিণ আফ্রিকার জানেমান মালান ও আয়ারল্যান্ডের পল স্টার্লিং।

২০২১ সালে মোট ৯টি ওয়ানডে ম্যাচ খেলেছেন সাকিব আল হাসান। এতে ব্যাট হাতে করেছেন ৩৯.৫৭ গড়ে ২৭৭ রান। ফিফটি রয়েছে দুটি। আর বল হাতে ১৭.৫২ গড়ে উইকেট শিকার করেছেন ১৭টি।

বর্তমানে আইসিসির ওয়ানডে র‌্যাংকিংয়ে সেরা ব্যাটার পাকিস্তানের অধিনায়ক বাবর আজম। তিনি ২০২১ সালে মোট ৬টি ওয়ানডে ম্যাচ খেলার সুযোগ পেয়েছেন। এতে ৬৭.৫০ গড়ে তার রান ৪০৫।

২০২১ সালে ব্যাট হাতে বেশ উজ্জ্বল ছিলেন দক্ষিণ আফ্রিকার জানেমান মালান। তিনি ম্যাচ খেলেছেন ৮টি। এতে ৮৪.৮৩ গড়ে রান করেছেন ৫০৯। আর আয়ারল্যান্ডের পল স্টার্লিং ১৪ ম্যাচে ৭৯.৬৬ গড়ে করেছেন ৭০৫ রান।

ইত্তেফাক/টিএ