ভেনিজুয়েলায় বিদেশি হস্তক্ষেপ নিয়ে গুইদোকে সতর্ক করল রাশিয়া

আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০১৯, ২১:৩৪

রয়টার্স ও আল জাজিরা

ত্রাণ সহায়তার অজুহাতে ভেনিজুয়েলায় বিদেশি হস্তক্ষেপ ডেকে আনার ব্যাপারে দেশটির বিরোধীদলীয় নেতা হুয়ান গুইদোকে সতর্ক করে দিয়েছে রাশিয়া। এর পরিবর্তে চলমান সংকট নিরসনে ক্ষমতাসীন মাদুরো সরকারের সঙ্গে বিরোধী দলকে আলোচনায় বসার পরামর্শ দিয়েছে মস্কো। রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বুধবার তার দেশের এমন অবস্থানের বিষয়টি পরিষ্কার করেন। এদিকে ভেনিজুয়েলায় সেনা মোতায়েনের অভিযোগ অস্বীকার করেছে কিউবা।

ভেনিজুয়েলার জন্য যুক্তরাষ্ট্র কথিত যে ত্রাণসাহায্য পাঠিয়েছে, তা গ্রহণ করতে অস্বীকৃতি জানিয়েছে মাদুরো সরকার। কিন্তু সরকারবিরোধী নেতা গুয়াইদো গত শনিবার জোর করে এই ত্রাণ দেশের বিভিন্ন সীমান্ত দিয়ে ভেনেজুয়েলায় প্রবেশের ব্যাপারে অঙ্গীকার ব্যক্ত করেন। দেশটির প্রতিরক্ষামন্ত্রী ভ্লাদিমির প্যাদরিনো মঙ্গলবার জানান, যুক্তরাষ্ট্রের কথিত ত্রাণের অনুপ্রবেশ রোধ করতে দেশের সব সীমান্তে সতর্কতা জারি করা হয়েছে। এরকম প্রেক্ষাপটে ভেনিজুয়েলার অভ্যন্তরীণ বিষয়ে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপের হুমকির ব্যাপারে উদ্বেগ প্রকাশ করেন রুশ পররাষ্ট্রমন্ত্রী। তিনি সতর্ক করে বলেন, সরাসরি কিংবা ত্রাণ সহায়তার অজুহাতে মার্কিন হস্তক্ষেপ গুইদোর জন্য কাঙ্খিত ফল বয়ে আনবে না।

যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন বোল্টন জানিয়েছেন, ভেনিজুয়েলার মানবিক সংকটে মার্কিন বলয়ের ২৫টি দেশ ১০ কোটি ডলারের ত্রাণ দিতে রাজি হয়েছে। অর্গানাইজেশন অব আমেরিকান স্টেটের ভেনিজুয়েলার অভিবাসী ও শরণার্থী বিষয়ক ওয়ার্কিং কমিটির সমন্বয়ক ডেভিড স্যামোলোনস্কি বলেছেন, এসব অর্থ সরাসরি কলম্বিয়া ও ব্রাজিল সীমান্ত এবং ক্যারিবীয় দ্বীপ কুরাজাওতে স্থাপিত ত্রাণ সংগ্রহ কেন্দ্রে পাঠানো হবে। তবে যুক্তরাষ্ট্রের তরফে ২৫টি দেশের ত্রাণ পাঠানোর সম্মতির কথা জানানো হলেও ভেনিজুয়েলায় চলমান সংকট নিয়ে অর্গানাইজেশন অব আমেরিকান স্টেটের মধ্যেই মতবিরোধ রয়েছে। সংস্থাটির একটি অংশ ভেনেজুয়েলার প্রেসিডেন্ট মাদুরোবিরোধী প্রস্তাব অনুমোদন করলেও গুইদোকে প্রেসিডেন্ট হিসেবে স্বীকৃতির ঘোষণায় ৩৪টি দেশের মধ্যে মাত্র ১৬টি দেশ স্বাক্ষর করেছে।