ঘিওরে ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা প্রতীকের পক্ষে কাজ করায় এক আওয়ামী লীগ নেতার ওপর হামলার অভিযোগ উঠেছে। হামলার শিকার মো. বেলাল উদ্দিন মোল্লা ঝিলু ঘিওর সদর ইউনিয়নের কাহেতারা (গোলাপনগর) গ্রামের বাসিন্দা এবং ৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি।
তিনি ঘিওর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। এ ব্যাপারে মো. বেলাল উদ্দিন মোল্লা বিজয়ী চেয়ারম্যান অহিদুল ইসলাম টুটুলের আট সমর্থকের বিরুদ্ধে ঘিওর থানায় অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা গেছে, ঝিলু গত ২৬ ডিসেম্বর ইউপি নির্বাচনে নৌকা প্রতীকে এলাকার লোকজনের কাছে ভোট প্রার্থনা করেন। নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থী হেরে যাওয়ার কারণে গত সোমবার গোলাপনগর গ্রামে ৩০/৪০ জনের সংঘবদ্ধ একটি দল পিটিয়ে বেলাল উদ্দিন মোল্লা ঝিলুকে মারাত্মক আহত করে। এক পর্যায়ে তিনি মাটিতে লুটিয়ে পড়লে এলাকার লোকজন তাকে মুমূর্ষু অবস্থায় স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। বর্তমানে তার অবস্থা আশঙ্কাজনক।
ঘিওর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল আলীম মিন্টু জানান, ‘ঝিলু দীর্ঘদিন ধরে আওয়ামী লীগ রাজনীতির সঙ্গে জড়িত। নির্বাচনে তিনি আওয়ামী লীগ প্রার্থীর পক্ষে তার নিজ এলাকায় নৌকা মার্কায় ভোট চাওয়ার কারণে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীর সমর্থকরা তাকে পিটিয়ে আহত করেছে।’
নবনির্বাচিত চেয়ারম্যান অহিদুল ইসলাম টুটুল বলেন, ‘ঝিলু ভাইকে কেউ মারেনি। কথা-কাটাকাটির সময় হাতাহাতির ঘটনা ঘটেছে। তিনি তো আমার সমর্থক। তা হলে কেন তাকে মারা হবে? নির্বাচনে পরাজিত হয়ে প্রতিপক্ষের লোকজন এমন কুৎসা রটাচ্ছে।’
ঘিওর থানার ওসি (তদন্ত) মো. মহব্বত খান জানান, এ ব্যাপারে অভিযোগের বিষয়ে দ্রুত তদন্তসাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

‘বিএনপিও পানি ঘোলা করে নির্বাচনে আসবে’