জিপিএ ৫ ও পাশের হারে মেয়েরা এগিয়ে 

আপডেট : ৩১ ডিসেম্বর ২০২১, ০২:৪২

বৃহস্পতিবার মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষার ফল প্রকাশ হয়েছে। ৯টি সাধারণ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ড মিলিয়ে পাশের হার এবং জিপিএ-৫ পাওয়ার ক্ষেত্রে ছেলেদের চেয়ে মেয়েরা এগিয়ে আছে। এ বছর এসএসসি, মাদ্রাসা শিক্ষা বোর্ড এবং কারিগরি শিক্ষা বোর্ডে মোট অংশগ্রহণকারী পরীক্ষার্থীর সংখ্যা ছিল ২২ লাখ ৪০ হাজার ৩৯৫ জন। এর মধ্যে পাশ করেছেন ২০ লাখ ৯৬ হাজার ৬৪৬ জন শিক্ষার্থী। গড় পাশের হার ৯৩ দশমিক ৫৮ শতাংশ।

ছাত্র এবং ছাত্রীদের ফলাফল বিশ্লেষণে দেখা যায়, এ বছর পাশের হার এবং জিপিএ-৫ পাওয়ায় ছাত্রীরা এগিয়ে আছে। এ বছর ১০ লাখ ৯৮ হাজার ৩০১ জন ছাত্রী পরীক্ষা দিয়েছে। এর মধ্যে পাশ করেছে ১০ লাখ ৩৭ হাজার ৯১৮ জন ছাত্রী। ছাত্রীদের পাশের হার ৯৪ দশমিক ৫০ শতাংশ। অন্যদিকে ১১ লাখ ৪২ হাজার ৯৪ জন ছাত্র পরীক্ষায় অংশ নিয়ে পাশ করেছে ১০ লাখ ৫৮ হাজার ৬২৮ জন। ছাত্রদের পাশের হার ৯২ দশমিক ৬৯ শতাংশ। পরীক্ষায় অংশগ্রহণকারী ১০ লাখ ৯৮ হাজার ৩০১ জন ছাত্রীর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ৩ হাজার ৫৭৮ জন। 

অন্যদিকে পরীক্ষায় অংশগ্রহণকারী ১১ লাখ ৪২ হাজার ৯৪ জন ছাত্রের মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৭৯ হাজার ৭৬২ জন। শতকরা হিসেব করলে মোট অংশগ্রহণকারী ছাত্রীদের মধ্যে ৯ দশমিক ৪৩ শতাংশ জিপিএ-৫ পেয়েছে। আর মোট অংশগ্রহণকারী ছাত্রদের মধ্যে ৬ দশমিক ৯৮ শতাংশ জিপিএ-৫ পেয়েছে।

 

ইত্তেফাক/জেডএইচডি