এলাকাটি ঘিরে রেখেছে এসডিএফ ও মিত্রবাহিনী
বিবিসি
সিরিয়ায় আইএসের (ইসলামিক স্টেট) সর্বশেষ এলাকা বাঘুজ থেকে আটকে পড়া বেসামরিক নাগরিকদের উদ্ধার করা হয়েছে। স্থানীয়রা জানান, কমপক্ষে ১৫টি ট্রাকে করে নারী-পুরুষ ও শিশুদের সেখান থেকে অন্যত্র যেতে দেখা গেছে।
এলাকাটিতে প্রায় ২শ পরিবার আটকে পড়ে থাকা নিয়ে এর আগে উদ্বেগ প্রকাশ করেছিলেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক প্রধান মিশেল ব্যাচেলে। যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন সিরিয়ান ডেমোক্র্যাটিক ফোর্স (এসডিএফ) ও এর মিত্র বাহিনী এলাকাটি ঘিরে রেখেছে। উদ্ধার করা নাগরিকদের মধ্যে কোনো আইএস যোদ্ধা আছে কিনা তা এখনো জানা নেই বলে জানিয়েছে তারা। এ উদ্ধার অভিযান নিয়ে পরষ্পরবিরোধী খবর পাওয়া গেছে। ‘দ্য সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস’ বলেছে, বাঘুজে থেকে সব নাগরিক এবং জঙ্গিই চলে গেছে। এসডিএফ-এর সঙ্গে আলোচনার পর জঙ্গিরা আত্মসমর্পণে রাজি হয়েছে। তবে আইএস-এর বিরুদ্ধে লড়াইরত মার্কিন নেতৃত্বধীন কোয়ালিশন জঙ্গিদের আত্মসমর্পণের খবরের সত্যতা যাচাই করা যায়নি বলে জানিয়েছে।
এদিকে, এসডিএফ টুইটারে বলেছে, তারা নাগরিকদের উদ্ধার করছে। তবে কট্টরপন্থি যোদ্ধারা বাঘুজে রয়ে গেছে। এসডিএফ-এর মুখপাত্র মুস্তফা বালি বলেন, “আমাদের বিশেষ বাহিনী বেসামরিক নাগরিকদের উদ্ধারে কাজ করছে। বহুদিনের চেষ্টার পর আজ আমরা প্রথম আটকা পড়া নাগরিকদের প্রথম দলটিকে উদ্ধার করতে পেরেছি।” এখনো অনেক মানুষই বাঘুজে রয়ে গেছে বলেও জানান তিনি।
এসডিএফ এর আগে জানিয়েছিল, একবার সব নাগরিককে উদ্ধার করা হয়ে গেলেই তাদের যোদ্ধারা আইএস-এর আস্তানাগুলোতে হামলা শুরু করবে। জঙ্গিদের সামনে দুটো পথই খোলা আছে। হয় আত্মসমর্পণ করা নয়ত মারা যাওয়া।
