শ্রীপুর সাবরেজিস্ট্রার অফিসে কলম বিরতি

আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০১৯, ২১:৫৩

ভোগান্তিতে সাধারণ মানুষ

শ্রীপুর (গাজীপুর) সংবাদদাতা

শ্রীপুরে সাবরেজিস্ট্রার ও দলিল লেখকদের দ্বন্দ্বে টানা ২২ দিনের কলম বিরতির কারণে দলিল নিবন্ধন না হওয়ায় অফিসের কার্যক্রম বন্ধ রয়েছে। এর ফলে সাধারণ মানুষ চরম ভোগান্তিতে পড়েছে।

রেজিস্ট্রি অফিস সূত্রে জানা গেছে, গত ৩০ জানুয়ারি বিদায়ী সাব-রেজিস্ট্রার সৈয়দ নজরুল ইসলাম সর্বশেষ অফিস করেন। তিনি অবসরে যাওয়ার পর গত ৬ ফেব্রুয়ারি গাজীপুর সদর সাব-রেজিস্ট্রি ও যৌথ সাব-রেজিস্ট্রি অফিসের  দায়িত্বে থাকা সাব-রেজিস্ট্রার মো. মনিরুল ইসলাম মনিকে শ্রীপুর সাব-রেজিস্ট্রি অফিসের খণ্ডকালীন দায়িত্ব দেয়া হয়। তিনি যোগদানের দিন দলিল লেখক ও স্ট্যাম্প ভেন্ডার সমিতির কর্মকর্তারা খণ্ডকালীন নিযুক্ত সাব-রেজিস্ট্রারের সাথে অফিস পরিচালনায় বিভিন্ন বিষয়াদি নিয়ে আলোচনা করেন। কিন্তু আলোচনা ফলপ্রসূ না হওয়ায় স্থানীয় দলিল লেখক ও স্ট্যাম্প ভেন্ডার সমিতি কলম বিরতি পালনের ঘোষণা দিয়ে প্রতিদিনই তারা অফিসের সামনে অবস্থান কর্মসূচি, বিক্ষোভ মিছিল করে আসছেন।

দলিল লেখক সমিতির সভাপতি শাহজাহান মণ্ডল জানান, দায়িত্বপ্রাপ্ত সাব-রেজিস্ট্রারের বিরুদ্ধে ঘুষ, দুর্নীতিসহ বিভিন্ন অনিয়মের অভিযোগ রয়েছে। তাই আমরা অন্য একজন নিয়মিত সাব-রেজিস্ট্রার চাই।

এ বিষয়ে খণ্ডকালীন সাব-রেজিস্ট্রার মো. মনিরুল ইসলাম মনি জানান, আমি এই অফিসের দায়িত্বে এসে এখন পর্যন্ত তাদের কোনো দলিল দাখিল পাইনি। তিনি আরও জানান, আমি সরকারি কর্মকর্তা। আমার আদেশ বহাল থাকাকালীন আমাকে অফিসে আসতেই হবে।

গাজীপুর জেলা নিবন্ধক মুন্সী মোখলেছুর রহমান জানান, এ অচলাবস্থা নিরসনে ইতোমধ্যেই প্রধান নিবন্ধককে অবহিত করা হয়েছে। অফিসের কার্যক্রম স্বাভাবিক করতে তদন্ত কমিটি গঠন করা হয়েছে।