দেশে কৃষি যান্ত্রিকীকরণে বিপ্লব ঘটবে: কৃষিমন্ত্রী

আপডেট : ৩১ ডিসেম্বর ২০২১, ২১:০৬

কৃষিমন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ড. মো. আব্দুর রাজ্জাক বলেছেন, ‘বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের (ব্রি) বিজ্ঞানীদের উদ্ভাবিত হারভেস্ট যন্ত্রটি আমরা যদি স্থানীয়ভাবে তৈরি করে সারা দেশে ব্যবহার করতে পারি, তাহলে বাংলাদেশে কৃষি যান্ত্রিকীকরণে বিপ্লব ঘটবে। কৃষি উৎপাদন বৃদ্ধি ও কৃষিকে লাভজনক করতে অনন্য ভূমিকা রাখবে।’

শুক্রবার (৩১ ডিসেম্বর) গাজীপুরে ব্রির চত্বরে প্রতিষ্ঠানটির বিজ্ঞানীদের আবিষ্কৃত কম্বাইন হারভেস্টার মেশিনের কার্যক্রম পরিদর্শনকালে কৃষিমন্ত্রী এসব কথা বলেন।

এ সময় কৃষিমন্ত্রী বলেন, ‘ব্রির বিজ্ঞানীরা নিজেরা গবেষণা করে ধান কাটার মেশিনটি উদ্ভাবন করেছে। এটি একটি অসাধারণ সাফল্য। এটির ধান কাটার ক্ষমতা তুলনামূলকভাবে বেশি। দেশের ছোট ছোট জমিতে ব্যবহারের উপযোগী। বিদেশের ইয়ানমারসহ বিভিন্ন কম্বাইন হারভেস্টারের দাম ২৫ থেকে ৩০ লাখ টাকা, আর এটির খরচ পড়বে ১২ থেকে ১৩ লাখ টাকা। হার্ভেস্ট লসও কম।’

উল্লেখ্য দেশের জমিতে ব্যবহারের সবচেয়ে উপযোগী ও সুলভ মূল্যের ধান কাটার যন্ত্র কম্বাইন হারভেস্টার উদ্ভাবন করেছে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের (ব্রি) বিজ্ঞানীরা।

ব্রির বিজ্ঞানীরা জানান, তাদের উদ্ভাবিত ব্রি হোল ফিড কম্বাইন হারভেস্টারের ইঞ্জিনটি বিদেশ থেকে আনা। অন্যান্য যন্ত্রপাতি স্থানীয়ভাবে তৈরি। এর ইঞ্জিনের ক্ষমতা ৮৭ হর্স পাওয়ার। ঘণ্টায় মেশিনটি ৩ থেকে ৪ বিঘা জমির ধান কাটতে পারে। জ্বালানি খরচ হয় ঘণ্টায় ৩ দশমিক ৫ থেকে ৪ লিটার। হারভেস্টিং লস শতকরা এক ভাগের কম। আর দাম পড়বে মাত্র ১২ থেকে ১৩ লাখ টাকা। খণ্ড খণ্ড জমিতেও ব্যবহার উপযোগী।

বিদেশ থেকে আমদানিকৃত যেকোন কম্বাইন হারভেস্টারের তুলনায় এটি ভালো বলে জানান ব্রির বিজ্ঞানীরা।

এ সময় কৃষি মন্ত্রণালয়ের বিদায়ী সিনিয়র সচিব মো. মেসবাহুল ইসলাম, সদ্য যোগদানকৃত সচিব মো. সায়েদুল ইসলাম, ব্রির মহাপরিচালক শাহজাহান কবীর, মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা ও সংস্থাপ্রধানরা উপস্থিত ছিলেন।

ইত্তেফাক/এমএএম