ইউএনডিপির শুভেচ্ছা দূত হলেন জয়া

আপডেট : ০১ জানুয়ারি ২০২২, ০০:২৪

এক বছরের জন্য জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি)-এর শুভেচ্ছা দূত হিসেবে নিযুক্ত হলেন অভিনেত্রী, প্রযোজক ও সক্রিয় উন্নয়ন কর্মী জয়া আহসান। শনিবার (১ জানুয়ারি ২০২২) থেকে যা কার্যকর হবে। শুক্রবার (৩১ ডিসেম্বর) ইউএনডিপি এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

বিভিন্ন উন্নয়নমূলক কাজে স্বেচ্ছাসেবক হিসেবে অংশগ্রহণের কারণে জয়া আহসান ইতোমধ্যেই প্রশংসিত। ইউএনডিপির শুভেচ্ছা দূত হিসেবে তিনি টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা বা এসডিজি অর্জনে সবার সচেতনতা বাড়াতে কাজ করবেন।

এ বিষয়ে জয়া আহসান বলেন, আমি ইউএনডিপির শুভেচ্ছাদূত হতে পেরে একদিকে যেমন আনন্দিত অন্যদিকে দেশের মানুষের জন্য কাজ করতে পারবভেবে সম্মানিত মনে হচ্ছে।

জয়া আহসান। ছবি: সংগৃহীত

তিনি বলেন, আমাদের এই সুন্দর পৃথিবী রক্ষার জন্য যেই লক্ষ্যমাত্রা যা এসডিজি নামে নির্ধারণ করা হয়েছে ২০৩০ সালের মধ্যে সেটি অর্জন করতে হলে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। আমি আমার কাজের মধ্যে দিয়ে এই বিষয়ে সচেতনতা বাড়াতে চেষ্টা করব, যেন আমরা সবাই মিলে বাংলাদেশসহ বিশ্বকে আরো সুন্দর, সহনশীল করে গড়ে তুলতে পারি।

ইউএনডিপির আবাসিক প্রতিনিধি সুদীপ্ত মুখার্জি বলেন, পৃথিবীকে সুন্দর ও বাসযোগ্য করে তোলা আমাদের সবার অঙ্গীকার। এই অঙ্গীকার রক্ষা করতে হলে আমাদের সবাইকে যার যার দায়িত্ব পালন করতে হবে। তবেই কেবল এসডিজি অর্জন করা সম্ভব হবে।  

জয়া আহসান ইউএনডিপির সঙ্গে এসডিজি ছাড়াও অন্যান্য বিষয় যেমন- দারিদ্র, নৈতিকতা, মূল্যবোধ ও সু-শাসন, সহনশীলতা, পরিবেশ, জ্বালানি এবং লিঙ্গ সমতা নিয়ে সচেতনতা বাড়াতে কাজ করবেন।  
ইত্তেফাক/বিএএফ