ছয় লাখ টন আমন চাল কিনবে সরকার

আপডেট : ১৯ নভেম্বর ২০১৮, ০২:১১

চলতি আমন মৌসুমে অভ্যন্তরীণ বাজার থেকে ৩৬ টাকা কেজি দরে ছয় লাখ টন চাল সংগ্রহ করবে সরকার। আগামী ১ ডিসেম্বর থেকে সংগ্রহ অভিযান শুরু হবে।
 
গতকাল রবিবার সচিবালয়ে খাদ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির (এফপিএমসি) সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভা শেষে খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি বলেন, খাদ্য মন্ত্রণালয়ের হিসেবে এবার আমন চালের উত্পাদন খরচ পড়েছে সাড়ে ৩৪ টাকা। বাজার পরিস্থিতি বিচার-বিশ্লেষণ করে প্রতি কেজি চালের সংগ্রহ মূল্য নির্ধারণ করা হয়েছে ৩৬ টাকা। খাদ্যমন্ত্রী বলেন, আমরা যে মূল্য নির্ধারণ করেছি তাতে কৃষক লাভবান হবেন। চাল সংগ্রহ করতে কোনো অসুবিধা হবে না। সংগ্রহ সন্তোষজনক হলে আরও দুই বা তিন লাখ টন চাল সংগ্রহ করা হতে পারে বলেও তিনি জানান। উল্লেখ্য, বর্তমানে সরকারের গুদামে চাল ও গম মিলিয়ে ১২ লাখ ১৮ হাজার টন খাদ্যশস্য মজুদ আছে। এর মধ্যে ৯ লাখ ৬৮ হাজার টন চাল।

সভায় অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ ছাড়াও সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিবরা উপস্থিত ছিলেন।

ইত্তেফাক/নূহু