মুরাদনগর উপজেলা পরিষদ নির্বাচন

আওয়ামী লীগে সম্ভাব্য প্রার্থীদের দৌড়ঝাঁপ, নিষ্ক্রিয় বিএনপি

আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০১৯, ২১:৫৭

মুরাদনগর (কুমিল্লা) সংবাদদাতা

মুরাদনগর উপজেলার দুই থানায় বইতে শুরু করেছে স্থানীয় সরকারের উপজেলা নির্বাচনের হাওয়া। এখনও মুরাদনগর উপজেলা নির্বাচনের তফসিল ঘোষণা না হলেও আওয়ামী লীগের সম্ভাব্য প্রার্থীরা তোরজোর শুরু করে দিয়েছেন। এবারই প্রথমবারের মতো দলীয় প্রতীকে অনুষ্ঠিতব্য স্থানীয় সরকারের এই নির্বাচনে অংশ নিতে দলীয় মনোনয়ন পেতে ইতোমধ্যেই স্থানীয় সংসদ সদস্য থেকে শুরু করে আওয়ামী লীগের কেন্দ্রীয় শীর্ষ নেতাদের কাছে ভিড় জমাতে শুরু করেছেন। কিন্তু নিষ্ক্রিয় রয়েছে বিএনপির প্রার্থীরা। এ বছর মুরাদনগর উপজেলা পরিষদ নির্বাচনে এ পর্যন্ত বিএনপি নিষ্ক্রিয় থাকলেও চেয়ারম্যান পদে আওয়ামী লীগের তিনজন প্রার্থীকে নিয়েই শুরু হয়েছে নির্বাচনী হিসাব-নিকাশ। আওয়ামী লীগ দলীয় মনোনয়ন প্রত্যাশী ও সম্ভাব্য প্রার্থীরা রাস্তার মোড়, বাজারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনসমূহে ডিজিটাল ব্যানারে প্রার্থী হওয়ার কথা জানান দিচ্ছেন। চেয়ারম্যান পদের প্রার্থীদের পাশাপাশি ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীরাও ছুটছেন  ভোটারের দ্বারে দ্বারে। উপজেলা নির্বাচনে যে তিনজন চেয়ারম্যান পদে প্রার্থী হিসেবে নেমেছেন তারা হলেন— কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সাবেক সংসদ সদস্য ডা. ওয়ালী আহম্মেদের ছেলে রুহুল আমিন, বর্তমান উপজেলা চেয়ারম্যান সৈয়দ আবদুল কাইয়ুম খসরু, কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য সচিব ও কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সরকারের ছেলে আহসানুল আলম সরকার কিশোর। তারা সকলেই হেভিওয়েট প্রার্থী হওয়ায় তাদের মধ্যে কে পাবেন দলীয় প্রতীক নৌকা ! এ নিয়ে কোনো প্রকার মন্তব্য করতে নারাজ স্থানীয় নেতাকর্মীরা।

এদিকে ভাইস  চেয়ারম্যান পদে তিনজন  ভোটযুদ্ধে  নেমেছেন। সেখানেও রয়েছেন হেভিওয়েট তিন প্রার্থীর নাম। তারা হলেন— কুমিল্লা জেলা আইনজীবী সমিতির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও শ্রীকাইল ডিগ্রি কলেজ শাখার ছাত্রলীগের সাবেক সভাপতি অ্যাডভোকেট আবুল কালাম আজাদ তমাল, কুমিল্লা উত্তর জেলা শ্রমিকলীগের সহ-সভাপতি ও কোম্পানীগঞ্জ বাজার কমিটির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান, উপজেলা শেখ রাসেল স্মৃতি সংসদের প্রতিষ্ঠাতা ও উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আতিকুর রহমান হেলাল।

মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী হিসেবে যদিও দুজনের নাম শুনতে পেলেও ভোটের মাঠে এগিয়ে রয়েছেন পর পর দুইবারের মহিলা ভাইস চেয়ারম্যান সানোয়ারা বেগম লুনা। অপরজন ভোটের মাঠে বেগম কুলসুম হাসান মিতু একেবারেই নতুন মুখ।