নগরকান্দা (ফরিদপুর) সংবাদদাতা
ফরিদপুরের নগরকান্দায় তালমা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। ফলে দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে যে কোনো সময় রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা করছে এলাকাবাসী। এ দিকে নির্বাচনী আচরণ বিধি ভঙ্গের অভিযোগ করেছেন এক প্রার্থী অন্য প্রার্থীর বিরুদ্ধে। প্রশাসনের পক্ষ থেকে উভয় প্রার্থীকে শোকজ করা হয়েছে।
উপ-নির্বাচনে দুজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। মরহুম চেয়ারম্যান আবু সহিদ মিয়ার স্ত্রী দেলোয়ারা বেগম আওয়ামী লীগের মনোনয়নে নির্বাচনে অংশগ্রহণ করছেন। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী সাবেক চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা ফিরোজ খান। বৃহস্পতিবার সকালে দেলোয়ারা বেগমের সমর্থকরা এলাকায় মিছিল করে মানিকদি গ্রামে খিচুড়ি খাওয়ার জন্য সমবেত হয়। অপরদিকে স্বতন্ত্র প্রার্থী ফিরোজ খান তার লোকজন নিয়ে পার্শ্ববর্তী তালমা বাজারে মিছিল করার জন্য সমবেত হয়। এ খবরে উভয়পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়। উভয়পক্ষের মধ্যে সংঘর্ষের আশঙ্কায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বদরুদ্দোজা শুভ ও থানা অফিসার ইনচার্জ মিজানুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থানে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা বদরুদ্দোজা শুভ বলেন, নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে উভয় প্রার্থীকে শোকজ এবং তাদের রিটার্নিং অফিসারের কার্যালয়ে ডাকা হয়েছে।
উল্লেখ্য, নগরকান্দা উপজেলার তালমা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু সহিদ মিয়ার মৃত্যুজনিত কারণে পদটি শূন্য হয়। আগামী ২৮ ফেব্রুয়ারি এ পদে উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে।
