পটুয়াখালী পৌরসভা নির্বাচন
পটুয়াখালী প্রতিনিধি
আসন্ন পটুয়াখালী পৌরসভা নির্বাচনে বর্তমান মেয়র জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. শফিকুল ইসলাম নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন। বুধবার রাতে পটুয়াখালী জেলা আওয়ামী লীগের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলন নৌকা প্রতীকের প্রার্থী জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কাজী আলমগীরের সমর্থনে তিনি নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন। সংবাদ সম্মেলনে নৌকা প্রতীকের প্রার্থী মুক্তিযোদ্ধা কাজী আলমগীর ছাড়াও জেলা আওয়ামী লীগের অপর সাংগঠনিক সম্পাদক শাৈমেন্দ্র লাল চন্দ, জেলা যুবলীগের আহ্বায়ক আরিফুজ্জামান রনিসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, পটুয়াখালী পৌরসভা নির্বাচনে মেয়র পদে পাঁচজন প্রার্থীর মধ্যে বর্তমান মেয়র মো. শফিকুল ইসলাম (মোবাইল ফোন প্রতীক) সরে দাঁড়ানোর ঘোষণা দেওয়ায় এখন প্রতিদ্বন্দিতায় রয়েছেন চারজন প্রার্থী। এরা হলেন আওয়ামী লীগের মনোনীত প্রার্থী জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কাজী আলমগীর (নৌকা), পটুয়াখালী পৌরসভার সাবেক মেয়র মোশতাক (নারকেল গাছ ), পটুয়াখালী চেম্বার অব কমার্সের সভাপতি মহিউদ্দিন আহম্মেদ (জগ) ও ইসলামী ঐক্যজোট মনোনীত প্রার্থী আবদুর রহমান শাহ আলম (মিনার প্রতীক)।
এছাড়াও সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর পদে ৩টি ওয়ার্ডে ১৩ জন নারী ও সাধারণ ওয়ার্ড কাউন্সিলর পদে ৯টি ওয়ার্ডে ৪৬ জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন।
