বাংলাদেশের দাপুটে বোলিংয়ে ৩২৮ রানে অলআউট নিউজিল্যান্ড

আপডেট : ০২ জানুয়ারি ২০২২, ০৯:১৭

মাউন্ট মঙ্গানুইয়ের বে ওভালে আজ রবিবার (২ জানুয়ারি) সিরিজের দ্বিতীয় দিনে কিউইদের সুবিধা করতে দেয়নি বাংলাদেশ। এদিন প্রথম সেশনে মেহেদী হাসান মিরাজ, শরিফুল ইসলাম ও মুমিনুল হকের আক্রমণে নিউজিল্যান্ডকে ৩২৮ রানে অলআউট করেছে সফরকারীরা।

এর আগে গতকাল প্রথম টেস্টের প্রথম দিনে ৫ উইকেট হারিয়ে ২৫৮ রান করে নিউজিল্যান্ড। তার সঙ্গে আজ ৭০ রান যোগ করে ব্ল্যাকক্যাপসরা।

এদিকে দাপুটে বোলিংয়ে শরিফুল ইসলাম ও মেহেদী হাসান মিরাজ নিয়েছেন সমান ৩টি করে উইকেট। মুমিনুল হকের দখলে ২টি এবং এবাদত হোসেন নিয়েছেন ১ উইকেট।

৫ উইকেট হারিয়ে ২৫৮ রানের সংগ্রহ নয়ে ২ ম্যাচ সিরিজের প্রথম টেস্টের প্রথম দিন দিন শেষ করেছিল নিউজিল্যান্ড। দিনের শেষ বলে উইকেট হারায় নিউজিল্যান্ড। হেনরি নিকোলস ৩২ আর রাচিন রবীন্দ্র ০ রানে দ্বিতীয় দিন শুরু করেন। দ্বিতীয় দিন সকালে রাচিন রবীন্দ্রকে শিকার করে দিনের প্রথম উইকেটটি শিকার করেন শরিফুল ইসলাম। তারপর কাইল জেমিসনকে শিকার করে ম্যাচে নিজের প্রথম উইকেটটি পান মিরাজ। দুই ওভার পরেই একই ওভারে টিম সাউদি ও নেইল ওয়াগনকে শিকার করেন এই স্পিনার।

দ্বিতীয় দিন সকালে হেনরী নিকোলস একাই লড়াই করেন। তার ব্যাট থেকে আসে ৭৫ রান। তাকে শিকার করে নিউজিল্যান্ডকে অলআউট করেন মুমিনুল। নিকোলস ছাড়া দ্বিতীয় দিন নিউজিল্যান্ডের আর কোনো ব্যাটার দুই অঙ্ক স্পর্শ করতে পারেনি। মধ্যাহ্ন বিরতির আগেই নিউজিল্যান্ড অলআউট হয় বাংলাদেশের বিপক্ষে নিজেদের মাটিতে সর্বনিম্ন ৩২৮ রানে।

বাংলাদেশের পক্ষে তাসকিন আহমেদ ভালো বোলিং করলেও উইকেটের দেখা পাননি। তিনি ২৬ ওভারে ৭ মেডেনে খরচ করেছেন ৭৭ রান।

সংক্ষিপ্ত স্কোর 

নিউজিল্যান্ড ৩২৮/১০ (১০৮.৩ ওভার)
কনওয়ে ১২২, নিকোলস ৭৫, ইয়ং ৫২, টেলর ৩১, ল্যাথাম ১;
শরিফুল ২৬-৭-৬৯-৩, মিরাজ ৩২-৯-৮৬-৩, মুমিনুল ৪.১-০-৬-২।

ইত্তেফাক/ ইআ