ইংরেজি নতুন বছরের রাতটা উৎসবে কাটাতে পারেননি ফেডারেশন কাপের কোয়ার্টার ফাইনালে ওঠা দলের খেলোয়াড়রা। কেউ কেউ চোখ ফাঁকি দিয়ে উৎসবে মজেছিলেন কিন্তু সেটা সীমিত আকারে। থার্টি ফার্স্ট নাইটের আগেই ক্লাব কোচ তার খেলোয়াড়দের রাত না জাগার কথা জানিয়ে গেছেন। খেলাটা শেষ হলেই দুয়ার উন্মুক্ত।
মোহামেডানের ফুটবল ম্যানেজার ইমতিয়াজ আহমেদ নকিব জানালেন তার দলের খেলোয়াড়রা ইংলিশ কোচ শেনলেনের নির্দেশে ঘরেই ছিলেন। খেলোয়াড়রা অনুশীলনে মনোযোগী। রাত জাগলে সকালে অনুশীলনে যাওয়া কঠিন। কারণ আমাদেরকে খুব ভোরে ঘুম হতে উঠে অনুশীলন মাঠে ছুটতে হয়।
এবার ফেডারেশন কাপের শুরু হতেই ঝামেলা দেখা গেছে। বসুন্ধরা কিং, মুক্তিযোদ্ধা, উত্তর বারিধারা ক্লাব ওয়াকওভার দিয়েছে। তারা খেলতে না আসায় একাধিক দলের সামনে বাধা দেওয়ারও কেউ ছিল না। সহজেই কোয়ার্টার ফাইনালের পথ খুলেছে। দর্শকও বিরক্ত হয়েছিলেন এমন কাণ্ডকারখানা দেখে। এলোমেলো পরিস্থিতিতে কোন গ্রুপে কোন দল কার বিপক্ষে খেলল, কে ভালো খেলল, কার পারফরম্যান্স কেমন হলো তার খবরও সঠিকভাবে নিতে পারেনি দর্শক। বাফুফে শক্ত অবস্থানে খেলা বন্ধ না রেখে চালিয়ে গেছে। তবে আজ কোয়ার্টার ফাইনাল হতে ফেডারেশন কাপের লড়াই দেখা যাবে।
ফেডকাপের গত আসরে সেমিফাইনাল হতে বিদায় নিতে হয়েছিল সাইফ স্পোর্টিং ক্লাবের বিপক্ষে টাইব্রেকিংয়ে ৭-৬ গোলে হেরে। নির্ধারিত সময় ২-২ ছিল। এবার ফাইনাল খেলার টার্গেট নিয়ে মোহামেডানের অভিযান।
ফেডারেশন কাপের কোয়ার্টার ফাইনালে উঠেছে নতুন দল স্বাধীনতা ক্রীড়া সংঘ। নতুন আসলেও এই দলটি স্বাধীনতা কাপ ফুটবলের কোয়ার্টার ফাইনালেও উঠেছিল। তখন প্রতিপক্ষ ছিল সাইফ স্পোর্টিং ক্লাব। আজকেও কোয়ার্টার ফাইনালে প্রতিপক্ষ সাইফ স্পোর্টিং। এবার আর সুযোগ পাবে না সাইফ বলছেন ক্লাবটির সাধারণ সম্পাদক সৈয়দ সাইফুল রহমান টুলু। তিনি বললেন,‘আমরা ২০ দিন আগে সাইয়ের বিপক্ষে ২-০ গোলে হেরেছিলাম। তখন আমাদের দলের দুই জন ভালো মানের বিদেশি খেলোয়াড় মাঠে নামতে পারেননি। একজন ডাবল হলুদ কার্ডের কারণে, আরেকজনের পেটের সমস্যা ছিল। তারা আজ খেলবেন। সাইফ বড় দল। কিন্তু আমরা লড়াইয়ের প্রস্তুতি নিয়ে রেখেছি। বসুন্ধরা কিংস না থাকায় আমাদের জন্য সুবিধা হয়েছে। আমরা রহমতগঞ্জকে হারিয়েছি।’ এই দলে বিদেশিদের শক্তিটা বেশ। পোল্যান্ড, উজবেকিস্তান, ইরান এবং বসনিয়ার খেলোয়াড় রয়েছেন। আগামীকাল কোয়ার্টার ফাইনালে শেখ রাসেল-রহমতগঞ্জ এবং সন্ধ্যায় আবাহনী-শেখ জামাল মুখোমুখি হবে।

