দ. আফ্রিকার পার্লামেন্ট ভবনে আগুন

আপডেট : ০২ জানুয়ারি ২০২২, ১৬:২৫

দক্ষিণ আফ্রিকার কেপটাউনে পার্লামেন্ট ভবনে বড় ধরনের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এক প্রতিবেদনে এমন তথ্য জানিয়েছে  বার্তা সংস্থা এএফপি। রবিবার গ্রিনিচ মান সময় ০৫০৩ টায় ভবন থেকে আগুন এবং প্রচুর ধোঁয়া বেরুতে দেখা গেছে। আগুন নেভানোর চেষ্টা করতে দেখা গেছে অগ্নিনির্বাপক কর্মীদের।

নগরীর জরুরি সেবা বিভাগের একজন মুখপাত্র জানান, পার্লামেন্ট ভবনে আগুন লেগেছে। এ আগুন ছাদ পর্যন্ত পৌঁছে গেছে। তিনি আরো জানান, আগুন নিয়ন্ত্রণে নেয়া সম্ভব হচ্ছে না। দেয়ালেও ফাটল দেখা দিয়েছে। 

কেপটাউনের জরুরি সেবা বিভাগের এক মুখপাত্র এএফপিকে বলেন, ভবনের ছাদে আগুন লেগেছে। ন্যাশনাল অ্যাসেম্বলি ভবনেও আগুন দেখা যাচ্ছে। অগ্নিনির্বাপণের জন্য আরও লোকবল চেয়ে তিনি বলেন, আগুন এখনো নিয়ন্ত্রণে আনা যায়নি। ভবনের বিভিন্ন দেয়াল ভেঙে পড়ার খবরও পাওয়া যাচ্ছে।

আগুন কিভাবে লেগেছে তা জানা যায়নি। কেপটাউনের পার্লামেন্ট হাউস তিনটি ভবন দ্বারা গঠিত। পুরনো ভবনটি ১৮৮৪ সালে নির্মিত। বাকী দুটি ১৯২০ ও ১৯৮০ সালে নির্মিত হয়। 

ইত্তেফাক/এএইচপি