সুনামগঞ্জের দিরাইয়ে নির্বাচনি সহিংসতায় গুলিবিদ্ধ ৮

আপডেট : ০২ জানুয়ারি ২০২২, ১৬:৫৭

সুনামগঞ্জের দিরাইয়ে নির্বাচনি পরবর্তী সহিংসতায় উভয়পক্ষের ৮ জন গুলিবিদ্ধ হয়েছে। এরমধ্যে গুলিবিদ্ধ ২ জনকে দিরাই হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্য আহতদের সিলেটের বিভিন্ন ক্লিনিকে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা। 
 
রবিবার দুপুরে তাড়ল গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটে। পুলিশ এসময় ঘটনাস্থল থেকে ৩ রাউন্ড গুলি উদ্ধার করেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ২৬ ডিসেম্বর দিরাই উপজেলার তাড়ল ইউনিয়নে নির্বাচনে তাড়ল গ্রামের বিএনপি নেতা আলী আহমদ নির্বাচিত হন। এর জের ধরে গতকাল শনিবার (০১ জানুয়ারি) বিকেলে দিরাই বাজারে তাড়ল ইউনিয়নের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আহমেদ চৌধুরীর ভাই সুজন চৌধুরীর সঙ্গে নির্বাচিত আলী আহমদের সমর্থক ছুফি মিয়ার কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে সুজন চৌধুরী ছুফি মিয়াকে ঘুষি মারলে দুই পক্ষে উত্তেজনা দেখা দেয়। ফলে রবিবার সকালে আহমেদ চৌধুরী এ ঘটনা মীমাংসা করার জন্য ছুফি মিয়ার বাড়িতে যান। ওখানে ছুফি মিয়ার আত্মীয় স্বজনরা আহমেদ চৌধুরীর উপর চড়াও হন। ঘটনার সংবাদ আহমেদ চৌধুরীর বাড়িতে পৌঁছালে দুইপক্ষের লোকজনের মধ্যে সংঘর্ষ বাধে। এসময় উভয়পক্ষের ৮ জন গুলিবিদ্ধ হন।

দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ফের সংঘর্ষের আশঙ্কায় তাড়ল গ্রামে পুলিশ মোতায়েন করা হয়েছে। ঘটনাস্থল থেকে ৩ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।

ইত্তেফাক/এমএএম