মদপানে প্রাণ গেলো যুবকের মৃত্যু

আপডেট : ০২ জানুয়ারি ২০২২, ১৭:০২

থার্টি ফার্স্ট নাইটে রাজশাহীতে অতিরিক্ত মদপানে আছাদুল ইসলাম (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। রবিবার (২ জানুয়ারি) ভোর ৪টার দিকে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এদিকে, অতিরিক্ত মদপানে অসুস্থ হয়ে আরও দুই যুবক রামেক হাসপাতালের চিকিৎসাধীন রয়েছে। তাদের বিস্তারিত নাম-ঠিকানা পাওয়া যায়নি। আছাদুল ইসলাম রাজশাহীর কাটাখালির সমসাদিপুর এলাকার আকালু মণ্ডলের ছেলে।

নাম প্রকাশ না করার শর্তে হাসপাতালের এক চিকিৎসক জানান, আছাদুল থার্টি ফার্স্ট নাইটে অতিরিক্ত মদপান করেন। শনিবার রাতে গুরুতর অসুস্থ হয়ে পড়লে পরিবারের লোকজন রাত সাড়ে ১১টার দিকে তাকে রামেক হাসপাতালের ১৭ নম্বর ওয়ার্ডে ভর্তি করেন। রবিবার ভোর ৪টার দিকে  তার মৃত্যু হয়।
 
রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম জানান, থার্টি ফার্স্ট নাইটে অতিরিক্ত মদ্যপানে অসুস্থ হয়ে আছাদুল রামেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তার মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। 

 

 

ইত্তেফাক/ইউবি