রাজশাহীতে মদপানে ২ জনের মৃত্যু, আরেকজন গুরুতর অসুস্থ

আপডেট : ০৮ এপ্রিল ২০২৫, ২১:২৫

রাজশাহীর চারঘাট উপজেলায় মদপানে অসুস্থ হয়ে দুই যুবকের মৃত্যুর খবর পাওয়া গেছে। তবে পরিবারের দাবি, গ্যাস্ট্রিকজনিত কারণে মৃত্যু হয়েছে তাদের। 

মঙ্গলবার (৮ এপ্রিল) সকালে দুই ঘণ্টার ব্যবধানে তারা রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

মৃতরা হলেন- উপজেলার নিমপাড়া ইউনিয়নের কালাম আলীর ছেলে মাসুদ রানা (৩৫), একই ইউনিয়নের হাবিবপুর এলাকার শামসুল হকের ছেলে নাদিম ইসলাম (২৮)। মাসুদ রানা সকালে সাড়ে ৭টা ও নাদিম ইসলাম ভোর সাড়ে ৫টার দিকে মারা যান। এ ঘটনায় মোহাম্মদ টনি (২৯) নামে আরও এক ব্যক্তি গুরুতর অসুস্থ হয়ে চিকিৎসাধীন রয়েছেন।

চিকিৎসাধীন মোহাম্মদ টনি বলেন, রোববার সন্ধ্যায় আমি, মাসুদ রানা, নাদিম ও মেহেদী উপজেলার ঝিকরা এলাকার মামুন নামে এক ব্যক্তির কাছে মদ খেতে গিয়েছিলাম। সামান্য একটু খেতেই শরীর ঝিম ঝিম লাগে। কিন্তু নাদিম ও মাসুদ রানা বেশি পরিমাণে মদপান করেন। সেদিন রাত থেকেই আমরা তিনজন অসুস্থ হয়ে পড়ি।

তিনি আরও বলেন, শরীর খারাপ থাকায় ও ঘুমে বিছানা থেকে সোমবার কেউ উঠতে পারিনি। সন্ধ্যার পরে মাসুদ রানা ও নাদিম আরও বেশি অসুস্থ হয়ে যায়। স্বজনরা তাদের হাসপাতালে ভর্তি করে। আমারও অসংখ্যবার বমি হয়ে এখনো বিছানা থেকে উঠতে পারিনি।

মৃত মাসুদ রানার স্ত্রী সাবিনা খাতুন বলেন, রোববার রাত ৮টার দিকে বাড়িতে এসে দুটি বিস্কুট খেয়ে ঘুমিয়ে যায় মাসুদ রানা। সোমবার সারা দিন ঘুমিয়েছে। সন্ধ্যার পর থেকে পেট ব্যথা শুরু হলে অনেক বেশি অসুস্থ হয়ে পড়ে। গ্যাস্ট্রিকজনিত সমস্যা ভেবে রাতেই তাদের হাসপাতালে ভর্তি করা হয়। সকালে তার মৃত্যু হয়।

এ বিষয়ে চারঘাট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, নিমপাড়া এলাকার দুই ব্যক্তির মৃত্যু হয়েছে। তাদের পরিবার পুলিশকে জানিয়েছে স্ট্রোক করে তারা মারা গেছে। তারা হাসপাতালের কাগজ দেখিয়েছে। বিষয়টি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। 

ইত্তেফাক/এমএএস