সিডনিতে চতুর্থ টেস্টের আগে মহাবিপদে পড়েছে ইংল্যান্ড দল। করোনাভাইরাস জোরেশোরে আঘাত হেনেছে ইংলিশ শিবিরে। এক জন নেট বোলার করোনাভাইরাসে আক্রান্ত হওয়ায় ইংল্যান্ড ক্রিকেট দলের অনুশীলন বাতিল করা হয়েছে।
করোনায় আক্রান্ত নেট বোলারের সংস্পর্শে যারা এসেছে, তাদেরকে আইসোলেশনে পাঠানো হয়েছে। প্রত্যেকেরই করোনা পরীক্ষা করা হয়েছে।
পেস বোলিং কোচ জন লুইস, স্পিন মেন্টর জিতান প্যাটেল এবং কন্ডিশনিং বিশেষজ্ঞ ড্যারেন ভেনেসের করোনা পরীক্ষা রিপোর্টও পজিটিভ এসেছে। তবে সহকারী কোচ গ্রাহাম থর্পের রিপোর্ট এখনও নেগেটিভ থাকায়, চতুর্থ টেস্টের কোচ হিসেবে দায়িত্বে পেয়েছেন তিনি।
এই পরিস্থিতিতে ইংল্যান্ডের সাবেক ওয়ানডে অধিনায়ক এডাম হোলিওককে সিডনিতে দলের সাথে কোচ হিসেবে যোগ দিতে বলা হয়েছিল। কিন্তু করোনার পরিস্থিতির কারণে যোগ দিতে পারছেন না গোল্ড কোস্টে থাকা হোলিওক।
এর আগে মেলবোর্নে তৃতীয় টেস্টের দ্বিতীয় দিনের খেলা শুরুর আগে ইংল্যান্ডের দুই সাপোর্ট স্টাফ এবং টিমের সদস্যদের পরিবারের দু’জন করোনা পজিটিভ হন। ঐ ঘটনায় ঐ দিনের খেলা দেরীতে শুরু হয়েছিল।
