ভোর ৬টার দিকে সড়কের পাশে একটি প্রাইভেট কার চাকা পাংচার অবস্থায় পড়ে থাকতে দেখেন এলাকাবাসী। দীর্ঘক্ষণ পড়ে থাকতে দেখে উৎসুক কয়েক জন গাড়ির দরজা খুলেন। দেখেন, গাড়ির যাত্রীর আসনে কুণ্ডলী পাকিয়ে আছে তিনটি গরু। এ সময় গাড়িতে চালক বা কোনো যাত্রী ছিল না।
রবিবার ময়মনসিংহ-শেরপুর মহাসড়কে ময়মনসিংহের তারাকান্দা উপজেলার গোপালপুর বাজারে এ ঘটনা ঘটে।
স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে গরুসহ প্রাইভেট কার উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় এলাকায় বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকেও চলছে নানা রসাত্মক আলোচনা।
এ বিষয়ে তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের বলেন, ধারণা করা হচ্ছে আশপাশের কোনো এলাকা থেকে রাতে গরুগুলো চুরি করে প্রাইভেটকারে নিয়ে যাচ্ছিল সংঘবদ্ধ চোর চক্র। পথিমধ্যে গোপালপুর এলাকায় প্রাইভেটকারের চাকা ফেটে যায়। ফলে প্রাইভেটকারসহ গরুগুলো ফেলে যায় তারা। গাড়ির কোনো রেজিস্ট্রেশন নম্বর নেই। এটি বেশ পুরনো ও ভাঙাচোরা। স্থানীয়রা গাড়ির ভেতর গরু দেখে থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রাইভেটকারসহ গরু তিনটি জব্দ করে।
তিনি আরো বলেন, আশপাশের বিভিন্ন এলাকায় গরু পাওয়ার বিষয়টি জানানো হয়েছে। কেউ যদি উপযুক্ত প্রমাণ দেখাতে পারে, তাহলে গরুগুলো হস্তান্তর করা হবে। তা না হলে পরবর্তীকালে ব্যবস্থা নেওয়া হবে।
