যুব কাবাডিতে চ্যামিপয়ন মৌলভীবাজার ও ঝিনাইদহ

আপডেট : ০৩ জানুয়ারি ২০২২, ১০:৩২

বাংলাদেশ কাবাডি ফেডারেশন আয়োজিত ‘আইজিপি কাপ জাতীয় যুব কাবাডি-২০২১’-এর চূড়ান্ত পর্বের ছেলেদের বিভাগে মৌলভীবাজার জেলা ও নারী বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে ঝিনাইদহ জেলা।

ঐতিহাসিক পল্টন ময়দানে ফাইনালে মৌলভীবাজার ২৯-১৫ পয়েন্টে চট্টগ্রাম জেলা দলকে হারিয়েছে। ম্যাচের শুরু থেকেই লিড পায় মৌলভীবাজার। দলটি ১০-৭ পয়েন্টের লিড নিয়ে প্রথমার্ধ শেষ করেছে। বিরতির পরও লিড অব্যাহত রাখে মৌলভীবাজার। ২০১৮ সালে সর্বশেষ আসরেও চ্যাম্পিয়ন হয়েছিল দলটি।

মেয়েদের বিভাগে হট ফেভারিট নড়াইলকে ২৫-১৯ পয়েন্টে হারিয়েছে ঝিনাইদহ। ম্যাচের শুরু থেকেই দুর্দান্ত নৈপুন্য দেখায় তারা। শেষপর্যন্ত দারুণ ধারাবাহিকতা দেখায় দলটি। প্রথমার্ধে ১৪-১২ পয়েন্টে এগিয়ে ছিল ঝিনাইদহ। চূড়ান্ত পর্বে নিজেদের প্রথম ম্যাচে ঝিনাইদহ জেলা দলকে ৫৭-২০ পয়েন্টে হারিয়েছিল নড়াইল জেলা। সে হারের বদলা নিয়ে শিরোপা উল্লাস করল ঝিনাইদহের মেয়েরা।

ছেলেদের বিভাগে প্রতিযোগিতার সেরা খেলোয়াড় চট্টগ্রামের ওজুয়ান মারমা। নারী বিভাগে আঞ্জুমান আরা রাত্রি প্রতিযোগিতার সেরা খেলোয়াড় হয়েছেন।

 

ইত্তেফাক/ ইআ