এশিয়ান বিচ গেমসে এক দিনে দুই জয় বাংলাদেশের

আপডেট : ২৩ এপ্রিল ২০২৬, ১৬:৫৭

এশিয়ান বিচ গেমস কাবাডিতে এক দিনে দুই জয়ের দেখা পেয়েছে বাংলাদেশ। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকালে নারী দল থাইল্যান্ডকে আর বিকালে পুরুষ দল সিরিয়াকে হারিয়েছে। 

আধিপত্য বিস্তার করে খেলে সিরিয়ার বিপক্ষে জয় তুলে নিয়েছে বাংলাদেশ পুরুষ কাবাডি দল। ম্যাচের শুরু থেকেই আগ্রাসী মেজাজে ছিল বাংলাদেশ। প্রথমার্ধেই লড়াইয়ের ভাগ্য অনেকটা নির্ধারিত হয়ে যায়। বাংলাদেশ ২৯-৮ পয়েন্টের ব্যবধানে এগিয়ে ছিল। 

বাংলাদেশ নারী কাবাডি দল

সিরিয়ার ডিফেন্স লাইন ভেঙে একের পর এক পয়েন্ট আদায় করে নেন বাংলাদেশের রেইডাররা। ৫৪-২৩ পয়েন্টের বিশাল ব্যবধানে ম্যাচটি জিতে নিয়েছে তারা। ৩১ পয়েন্টের বিশাল ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ পুরুষ কাবাডি দল।

অন্যদিকে থাইল্যান্ডের বিপক্ষে দাপুটে জয় তুলে নেয় বাংলাদেশ নারী দল। রক্ষণভাগ এবং রেইডিং উভয় বিভাগেই থাইল্যান্ডকে টেক্কা দিয়েছে বাংলাদেশের মেয়েরা। ৫১-৩৪ পয়েন্টে জয় পায় লাল-সবুজের প্রতিনিধিরা।  

ইত্তেফাক/জেডএইচ