সেঞ্চুরির আশা জাগিয়ে বিদায় নিলেন মুমিনুল

আপডেট : ০৩ জানুয়ারি ২০২২, ১০:৪৪

বিদেশের মাটিতে বড় ইনিংস খেলতে পারেন না বলে মুমিনুল হকের গায়ে অপবাদ রয়েছে। গত বছরের জুলাইয়ে জিম্বাবুয়ে সফরে সেই অপবাদ কিছুটা মুছে ফেলারও চেষ্টা করেছিলেন বাংলাদেশ অধিনায়ক। এবার সুযোগ ছিল সেটিকে পুরোপুরি মুছে ফেলার। কিন্তু অল্পের জন্য ব্যর্থ হয়েছেন তিনি। সেঞ্চুরির আশা জাগিয়েও ফিরে গেছেন এই ব্যাটার।

মাউন্ট মঙ্গানুই টেস্টে নিজেদের প্রথম ইনিংসে লিড নিয়েছে বাংলাদেশ। এতে বড় কৃতিত্ব অধিনায়ক মুমিনুল হক ও লিটন দাসের। তাদের দুজনের ১৫৮ রানের জুটির ওপর ভর করেই নিউজিল্যান্ডের করা রান টপকে বড় লিডের পথে এগোচ্ছে বাংলাদেশ। কিন্তু ব্যক্তিগত ৮৮ রান করে আউট হয়ে ফিরে গেছেন মুমিনুল। ২৪৪ বল মোকাবিলায় এই রান সংগ্রহ করেন তিনি। ট্রেন্ট বোল্টের দুর্দান্ত এক ডেলিভারিতে এলবিডব্লিউর ফাঁদে পড়েন টেস্ট স্পেশালিস্ট।

এই রিপোর্ট লেখার সময় বাংলাদেশের সংগ্রহ ৫ উইকেট হারিয়ে ৩৭০ রান। ৮৬ রানে অপরাজিত আছেন লিটন দাস। তাকে সঙ্গ দিতে ক্রিজে এসেছেন ইয়াসির আলি। আর বাংলাদেশের লিড দাঁড়িয়েছে ৪২ রানে।

এর আগে প্রথম ইনিংসে ৩২৮ রানে অলআউট হয়েছিল কিউইরা। বাংলাদেশি বোলারদের মধ্যে সর্বোচ্চ ৩টি করে উইকেট শিকার করেন পেসার শরিফুল ইসলাম ও স্পিনার মেহেদী হাসান মিরাজ। এছাড়া মুমিনুল হক ২টি ও একটি উইকেট নেন পেসার এবাদত হোসেন। অন্যটি রানআউট ছিল।

ইত্তেফাক/টিএ