কেমন আছে মাতৃগর্ভে গুলিবিদ্ধ সেই সুরাইয়া

আপডেট : ০৩ জানুয়ারি ২০২২, ১৭:০৬

মাগুরার আলোচিত মাতৃগর্ভে গুলিবিদ্ধ শিশু সুরাইয়া জেলার পুলিশ লাইনস সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিশু শ্রেণিতে ভর্তি ভর্তি হয়েছে। রবিবার সকালে মা-বাবার কোলে চড়ে সুরাইয়া স্কুলে যায়। ভর্তির বিষয়টি নিশ্চিত করেছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক রোকসানা আক্তার।  

২০১৫ সালের ২৩ জুলাই মাগুরা শহরের দোয়ারপাড়া এলাকায় দুগ্রুপের মধ্যে সংঘর্ষ চলাকালে গুলিতে নাজমা বেগম ও তার গর্ভে থাকা শিশু সুরাইয়া গুলিবিদ্ধ হয়। মাগুরা সদর হাসপাতালে অস্ত্রোপচারের মাধ্যমে সুরাইয়া পৃথিবীর আলো দেখে। তবে গুলির আঘাতে শারীরিক প্রতিবন্ধকতা নিয়ে বেড়ে উঠছে শিশু সুরাইয়া। 

সুরাইয়ার মা নাজমা বেগম জানান, গুলিতে সুরাইয়ার ডান চোখটি পুরোপুরি নষ্ট হয়ে গেছে। সুরাইয়া ডান চোখে কিছু দেখতে পায় না। বা চোখের অবস্থা ভালো না। চিকিৎসক জানিয়েছে, ডান চোখে আর দেখতে পাবে না।

তিনি দুঃখ করে জানান, তার সমবয়সীরা দৌঁড়ে বেড়ালেও সুরাইয়া দাঁড়াতেও পারে না। ইতিমধ্যে তার গলায় একটি টিউমার ধরা পড়েছে। সুরাইয়ার ডান পাশে জোর কমে যাচ্ছে। ডান হাতে সে কাজ করতে পারে না। তবে চিকিৎসকেরা বলেছেন তাকে উন্নত চিকিৎসা দিতে পারলে ভালো হয়ে যাবে কিন্তু সেই অর্থনৈতিক ক্ষমতা আমাদের নেই। তারপরও আমরা ওকে স্কুলে ভর্তি করেছি। কারণ ওকে নিয়ে অনেক স্বপ্ন দেখি।