তাইওয়ানে ফের শক্তিশালী ভূমিকম্পের আঘাত

আপডেট : ০৩ জানুয়ারি ২০২২, ১৯:২৩

শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠেছে তাইওয়ান। স্থানীয় সময় সোবার সন্ধ্যার দিকে দেশটির রাজধানী তাইপেতে আঘাত হানে। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৬। তবে ভূমিকম্পে কোনও হতাহত কিংবা ক্ষয়ক্ষতি হয়েছে কি-না তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।

দেশটির আবহাওয়া ব্যুরো বলছে, ভূপৃষ্ঠ থেকে ১৯ কিলোমিটার গভীরে এই ভূমিকম্পের উৎপত্তি হয়েছে। তাইওয়ানের পূর্ব উপকূলীয় এলাকায় আঘাত হানা ভূমিকম্পের মাত্রা রিখটার স্কেলে ছিল ৬। তবে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস বলছে, তাইওয়ান ৬ দশমিক ২ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠেছে।

তাইপে এর একজন বাসিন্দা সংবাদমাধ্যম এএফপি জানিয়েছে, ভূমিকম্পটি চলতি বছরের মধ্যে সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প বলে মনে হচ্ছে। এর কম্পন প্রায় ১০ সেকেন্ড স্থায়ী ছিল।

এর আগে, গত অক্টোবরে তাইওয়ানের উত্তরপূর্বাঞ্চলীয় ইলান শহরে সাড়ে ৬ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। ভূপৃষ্ঠ থেকে প্রায় ৬৭ কিলোমিটার গভীরে ভূমিকম্পের উৎপত্তি হওয়ায় সেই সময় সামান্য ক্ষয়ক্ষতি হয়েছিল।

ইত্তেফাক/এএইচপি