খাগড়াছড়ি জেলার মানিকছড়ি থেকে অপহৃত যুবলীগ নেতা ইমান হোসেন (২৭) কে মুক্তির দাবীতে খাগড়াছড়ি জেলার মানিকছড়িতে সকাল-সন্ধ্যা সড়ক অবরোধ চলছে। মানিকছড়ি উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের ডাকে এই অবরোধ পালিত হচ্ছে।
অবরোধের কারণে খাগড়াছড়ি-চট্টগ্রাম সড়কে সব ধরণের যানবাহন চলাচল বন্ধ রয়েছে। অবরোধ আহ্বানকারীরা সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করছেন। এদিকে সড়ক অবরোধ হলেও আতংকের কারণে কিছু কিছু ব্যবসায়ী দোকানপাট খোলেননি।
এরআগে অপহৃতকে উদ্ধারের দাবীতে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছিল আওয়ামীলীগ।
গত শনিবার রাত আনুমানিক ৯টার দিকে মানিকছড়ি থেকে বড়বিল নিজ বাড়ীতে ফেরার পথে তিনি অপহরণের শিকার হন। আঞ্চলিক একটি পাহাড়ি রাজনৈতিক সংগঠনের সদস্যরা তাকে অপহরণ করেছে বলে দাবী পরিবারের।
ইমান হোসেন মানিকছড়ি তিনটহরী ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক। তাঁর চাচা শফিকুল ইসলাম ফারুক মানিকছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক।
মানিকছড়ি থানার ওসি মো. শাহনুর আলম জানান, অবরোধ চলছেও পরিস্থিতি শান্ত রয়েছে। বাড়তি পুলিশ মোতায়েন করা হয়েছে।
