পঞ্চম ধাপে আগামীকাল বুধবার (৫ জানুয়ারি) টাঙ্গাইলের মির্জাপুরে আট ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এ লক্ষে কঠোর নিরাপত্তার মধ্যে ভোট কেন্দ্রে আজ মঙ্গলবার (৪ জানুয়ারি) ভোট গ্রহণের মালামাল প্রেরণ করা হয়েছে। নির্বাচনী মালামাল প্রেরণ করা হলেও ভোট কারচুপি প্রতিরোধে ব্যালট পেপার দেওয়া হবে আগামীকাল বুধবার সকালে।
মঙ্গলবার উপজেলা নির্বাচন কর্মকর্তা শরিফা বেগম জানিয়েছেন, উপজেলা প্রশাসন ও উপজেলা নির্বাচন অফিস কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে উপজেলা পরিষদ মিলনায়তন থেকে ভোট গ্রহণের এ মালামাল প্রেরণ করা হয়েছে । প্রতিটি ভোট কেন্দ্রে চার স্তরের নিরাপত্তা বাহিনীর সদস্যগন কাজ করবেন।
উপজেলা নির্বাহী অফিসার মো. হাফিজুর রহমান বলেন, উপজেলার মহেড়া, জামুর্কি, বানাইল, আনাইতারা, ওয়ার্শি, ভাতগ্রাম, গোড়াই ও বাঁশতৈল এই আট ইউনিয়নে পঞ্চম ধাপে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। আট ইউনিয়নের ৮৩ ভোট কেন্দ্রে নির্বাচন সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরপেক্ষ ভাবে গ্রহণের লক্ষে ভোট গ্রহণ কর্মকর্তা-কর্মচারী ছাড়াও প্রতিটি ভোট কেন্দ্রে পুলিশ, র্যাব, বিজিবি, আনসার সদস্য ও ম্যাজিস্ট্রেট নিয়োগ করা হয়েছে।
এর আগে গতকাল সোমবার (৩ জানুয়ারি) উপজেলা পরিষদ মিলনায়তনে মির্জাপুরে ভোট কেন্দ্রে নিয়োজিত প্রিজাইডিং অফিসার ও প্রার্থীদের সাথে আইন-শৃঙ্খলা ও আচরণবিধি প্রতিপালন বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মির্জাপুর উপজেলা নির্বাহী অফিসার মো. হাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন টাঙ্গাইলের জেলা প্রশাসক ড. মো. আতাউল গনি।বিশেষ অতিথি ছিলেন টাঙ্গাইলের পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার, টাঙ্গাইলের সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা এ এস এম কামরুল হাসান, র্যাব টাঙ্গাইলের কমান্ডার মো. আব্দুল্লাহ আল মামুন, টাঙ্গাইল জেলা এনএসআইয়ের যুগ্ম পরিচালক মো. মাবুবুর রহমান, সহকারী পুলিশ সুপার (মির্জাপুর-নাগরপুর সার্কেল) এস এম আবু মুসা, মির্জাপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ রিজাউল হক শেখ দিপু, টাঙ্গাইলের ডিবির ওসি মো. দেলোয়ার হোসেন, এসিল্যান্ড মীর্জা জুবায়ের হোসেন এবং উপজেলা নির্বাচন কর্মকর্তা শরিফা বেগম প্রমুখ। কোন পেশি শক্তির কাচে মাথা নত না করে যে কোন উপায়ে প্রতিটি কেন্দ্রে নিরপেক্ষ ভাবে ভোট গ্রহণ করা হবে বলে কর্মকর্তাগন দিক নির্দেশনা দিয়েছেন।
