পাবনায় হত্যা মামলায় ৪ জনের যাবজ্জীবন কারাদণ্ড

আপডেট : ০৪ জানুয়ারি ২০২২, ১৭:২৬

পাবনার সাঁথিয়ায় রফিকুল ইসলাম (৩৫) নামে এক যুবককে হত্যার দায়ে ৪ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাদের প্রত্যেককে ২৫ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। 

মঙ্গলবার (৪ জানুয়ারি) দুপুরে পাবনার বিশেষ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আহসান তারেক এ রায় দেন। নিহত রফিকুল ইসলাম সাঁথিয়া উপজেলার নন্দনপুর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের শাহজাহান আলী ছেলে। আর দণ্ডপ্রাপ্তরা হলো, সাঁথিয়া উপজেলার নন্দনপুর মাহমুদপুর গ্রামের হাবিবর মুন্সির ছেলে ওয়াশিম মুন্সি (৩৯), নন্দনপুরের গোবিন্দপুর গ্রামের মজিবর রহমানের ছেলে মোস্তফা ওরফে মোস্ত (৪২), খাজু মণ্ডলের ছেলে মিরাজুল ইসলাম (৪৩), ফয়জাল হোসেনের ছেলে শাহাদুল ওরফে শাহাদৎ (৩৯)। রায় ঘোষণার সময় শাহাদত ও ওয়াসিম আদালতে উপস্থিত ছিলেন। অপর দুজন পলাতক রয়েছেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০০৬ সালের ১৯ অক্টোবর ঈদুল ফিতরের কয়েকদিন আগে পার্শ্ববর্তী সুন্দরকান্দি গ্রামের শ্বশুর আনছার আলীর বাড়িতে বেড়াতে যায় রফিকুল। ঈদের আগের রাত ২৫ অক্টোবর এলাকার অভ্যন্তরীণ দ্বন্দ্বের জেরে তাকে শ্বাসরোধ ও কুপিয়ে হত্যা করে একটি ধানক্ষেতে মরদেহ ফেলে পালিয়ে যান আসামিরা।  

 

ইত্তেফাক/এমএএম