শিমুলিয়া ঘাটে ৩ কি.মি. যানজট, দুর্ভোগ

আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০১৯, ২২:১৩

কুয়াশায় ৮ ঘন্টা ফেরি বন্ধ ও ছুটিতে

গাড়ির বাড়তি চাপে এ অবস্থা

মুন্সীগঞ্জ প্রতিনিধি

মুন্সীগঞ্জের শিমুলিয়া ঘাট থেকে মাওয়া চৌরাস্তা পর্যন্ত গতকাল দীর্ঘ যানজট সৃষ্টি হয়েছে। ঢাকা-মাওয়া মহাসড়কে মেরামত কাজ, তিন দিনের ছুটি ও শিমুলিয়া-কাঁঠালবাড়ী নৌরুটে কুয়াশার কারণে ৮ ঘণ্টা ফেরি চলাচল বন্ধ থাকায় এ যানজটের সৃষ্টি হয়েছে। এতে যাত্রী দুর্ভোগ চরম আকার ধারণ করে।

গতকাল বিকালে সরেজমিন শিমুলিয়া ঘাটে গিয়ে দেখা যায়, শত শত দক্ষিণবঙ্গগামী যাত্রী লঞ্চ-স্পিডবোট ঘাটে ভিড় জমিয়েছে পার হওয়ার জন্য। কার আগে কে লঞ্চ বা স্পিডবোটে উঠবে এ নিয়ে হুড়োহুড়ি পড়ে যাত্রীদের মধ্যে। তিন কিমি দূরে মাওয়া চৌরাস্তা পর্যন্ত যানজট থাকায় যাত্রীরা বাস থেকে সেখানে নেমে হেঁটে শিমুলিয়া ঘাটের উদ্দেশে রওনা দিচ্ছে। এতে শিশু-বৃদ্ধ ও মহিলা যাত্রীরা অবর্ণনীয় দুর্ভোগের শিকার হয়। ঘাটে আটকা পড়ে এম্বুলেন্সসহ জরুরি সার্ভিসের গাড়িও। মাওয়া নৌ পুলিশ ফাঁড়ির ওসি আরমান হোসেন জানান, বৃহস্পতিবার সকাল থেকেই শিমুলিয়া ঘাট এলাকা ও মহাসড়কের বিভিন্ন পয়েন্টে গাড়ির বাড়তি চাপ ছিল। ফেরি বন্ধ থাকায় গাড়ি পার হতে না পারায় দীর্ঘ লাইন দেখা দেয়।

অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের উপ-মহাব্যবস্থাপক (এজিএম) সৈয়দ শাহ মোঃ বরকত উল্লাহ জানান, বর্তমানে ১৫টি ফেরি চলাচল করছে। এছাড়া বুধবার দিবাগত রাত ১টা থেকে বৃহস্পতিবার সকাল ৯টা পর্যন্ত ঘন কুয়াশার কারণে ফেরি বন্ধ থাকায় বাড়তি চাপ পড়ে ঘাট এলাকায়। এতে ঘাট এলাকায় দেখা দেয় যানজট।