কক্সবাজারে পর্যটক ধর্ষণ: ৩ দিনের রিমান্ডে আশিক-বাবু

আপডেট : ০৪ জানুয়ারি ২০২২, ২২:২৪

কক্সবাজারে নারীকে সংঘবদ্ধ ধর্ষণ মামলার প্রধান আসামি আশিকুল ইসলাম আশিক ও দুই নম্বর আসামি মেহেদী হাসান বাবুকে জিজ্ঞাসাবাদের জন্য তিনদিনের রিমান্ডের আদেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার (৪ জানুয়ারি) দুপুর এবং বিকেলে পৃথক শুনানি শেষে কক্সবাজারের জ্যেষ্ঠ বিচারিক হাকিম আবুল মনসুর ছিদ্দিকী আসামিকে এ রিমান্ডের আদেশ দেন। 

ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মহিউদ্দিন আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে তাদের দুজনের জন্য সাতদিন রিমান্ডে নিতে আবেদন করেছিল ট্যুরিস্ট পুলিশ।

মামলার তদন্ত কর্মকর্তা ট্যুরিস্ট পুলিশের পরিদর্শক রুহুল আমিন জানান, সকালে এ মামলার প্রধান আসামি আশিককে এবং বিকেলে মেহেদী হাসান বাবুকে আদালতে তুলে সাত দিনের রিমান্ডের আবেদন করা হলে শুনানি শেষে দুজনকে তিন দিন করে রিমান্ড মঞ্জুর করেন আদালত। 

ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার জোনের অতিরিক্ত পুলিশ সুপার মহিউদ্দিন বলেন, এ মামলার বাকী পাঁচ আসামির রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে। তবে তারা কেউই স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়নি। 

গত ২২ ডিসেম্বর স্বামী ও সন্তানকে জিম্মি করে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে চারজনের নাম উল্লেখ ও তিনজনকে অজ্ঞাত আসামি করে কক্সবাজার সদর মডেল থানায় মামলা করেন ভিকটিম নারীর স্বামী।

মামলার আসামি হলেন, শহরের বাহারছড়া এলাকার আশিকুল ইসলাম, মোহাম্মদ শফি ওরফে ইসরাফিল হুদা জয় ওরফে জয়া, মেহেদী হাসান বাবু ও জিয়া গেস্ট ইন হোটেলের ম্যানেজার রিয়াজ উদ্দিন ছোটন। মামলায় এখন পর্যন্ত মোট সাতজন গ্রেফতার হয়েছে। প্রধান আসামি আশিককে গত ২৭ ডিসেম্বর মাদারীপুর থেকে গ্রেফতার করে র‌্যাব। পরে তাকে ঢাকার আদালতে তোলা হয়।

ইত্তেফাক/জেডএইচডি