উখিয়ায় রোহিঙ্গাদের হামলায় তিন জার্মান সাংবাদিকসহ আহত ৪

আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০১৯, ২২:১৫

দুই শিশুসহ মাকে অপহরণের অভিযোগ

উখিয়া (কক্সবাজার) সংবাদদাতা

মা ও দুই শিশু কন্যাকে অপহরণের অভিযোগ তুলে রোহিঙ্গারা হামলা চালিয়ে তিন জার্মান সাংবাদিকসহ চারজনকে গুরুতর আহত করেছে। এ সময় গাড়ি ভাঙচুর করে সাংবাদিকদের প্রয়োজনীয় কাগজপত্র ও মালামাল লুট করা হয়েছে। সেনা সদস্যরা তাদের উদ্ধার করে ক্যাম্প হাসপাতালে ভর্তি করেন। গতকাল বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে উখিয়ার লম্বাশিয়া বাজারে এ ঘটনা ঘটে।

জার্মান সাংবাদিকদের গাড়ি চালক কক্সবাজার টেকপাড়া গ্রামের নবী আলম (৩০) জানান, লম্বাশিয়া ১নং ক্যাম্পে দুটি শিশু ও মা’র সাক্ষাত্কার গ্রহণ করেন জার্মান সাংবাদিকরা। এরপর বুশেরা বেগম (৯), কাচুনামা আকতার (৮) ও তাদের মা হাসিনা আকতারকে (৩৫) নিয়ে লম্বাশিয়া বাজারে যান। জার্মান সাংবাদিকরা তাদের কাপড় কিনে দিয়ে তাদের ক্যাম্পে পৌঁছে দেওয়ার জন্য গাড়িতে তোলেন। তখন শতশত রোহিঙ্গা  লাঠিসোঁটা নিয়ে হামলা চালায়। এতে জার্মান সাংবাদিক ইউচো লিওলি, গ্রান্ডস স্টাফ, স্ট্যাটিউ এপল গুরুতর আহত হন। তাদের উদ্ধার করতে এসে ডিএসবি সদস্য জাকির হোসাইন আহত হন। এ সময় রোহিঙ্গারা সাংবাদিকদের ক্যামেরা, মানিব্যাগ, পাসপোর্টসহ গুরুত্বপূর্ণ কাগজপত্র লুটপাট করে জিম্মি করে রাখে। খবর পেয়ে সেনা ও পুলিশ সদস্যরা জার্মান সাংবাদিকদের উদ্ধার করে। এ ঘটনায় জার্মান সাংবাদিকদের বাংলাদেশি দোভাষী মোঃ সিহাব উদ্দিন (৩৫) থানায় একটি অভিযোগ করেছেন। দুই রোহিঙ্গা শিশুর মা হাসিনা আকতার (৩৫) বলেন, তাদের বাড়ি পৌঁছে দেওয়ার কথা বলে জার্মান সাংবাদিকরা নিয়ে যাওয়ার চেষ্টা করছিল। শিশুরা চিত্কার দিলে রোহিঙ্গারা তাদের উদ্ধার করে। তবে দোভাষী মোঃ সিহাব উদ্দিন এ অভিযোগ অস্বীকার করেন। উখিয়া থানার অফিসার ইনচার্জ মোঃ আবুল খায়ের জানান, সাংবাদিকদের মালামাল উদ্ধারের চেষ্টা চালানো হচ্ছে।