এটাই কি বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের সেরা জয়

আপডেট : ০৬ জানুয়ারি ২০২২, ১৫:৩৩

সাধারণত নিউজিল্যান্ডের মাটিতে এশিয়ার দলগুলো সবসময় খাবি খায়। কারোরই খুব বেশি সুখ স্মৃতি নেই। আর বাংলাদেশ তো সেখানে গিয়ে প্রতিবারই বড় ব্যবধানে পরাজিত হয়। এমনকি লড়াই পর্যন্ত করতে পারে না তারা। সেই বাংলাদেশ দলই কি না এবার কিউইদের মাটিতে বিরুদ্ধ কন্ডিশনে তাদেরকেই দাপট দেখিয়ে ৮ উইকেটের বিশাল ব্যবধানে হারিয়েছে। এক কথায় অবিশ্বাস্য! দারুণ! ঐতিহাসিক! অবিস্মরণীয়!

মাউন্ট মঙ্গানুইয়ে মুমিনুল বাহিনীর ইতিহাস রচনাকে আর কীভাবে, কোন শব্দে বিশ্লেষণ করা যায় তা দর্শক ও ক্রিকেট বিশ্লেষকদের ওপর ছেড়ে দেওয়া যাক। তার আগে দেখার চেষ্টা করি, এটাই কি বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের সেরা জয়?

প্রথমত, বাংলাদেশ দল এমন অবস্থায় এবার নিউজিল্যান্ড সফরে যায়, যেখানে সিনিয়র ক্রিকেটার বলতে কেবল মুশফিকুর রহিম ও অধিনায়ক মুমিনুল হক। লিটন দাস ও মেহেদী হাসান মিরাজকেও এই তালিকায় রাখা যায়। তবে তাদের ক্যারিয়ার এখনো খুব বেশি লম্বা হয়নি। দলে নেই সাকিব আল হাসান, তামিম ইকবাল ও মাহমুদউল্লাহ রিয়াদের অভিজ্ঞ ক্যাম্পেইনার। ফলে তরুণ ও অনভিজ্ঞ একটি দল নিয়েই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়ন শক্তিশালী নিউজিল্যান্ডের বিপক্ষে নামতে হয় দলনেতা মুমিনুলকে।

সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন অধিনায়ক মুমিনুল হক

দ্বিতীয়ত, বিগত ২০২১ সালে ক্রিকেটের অভিজাত ফরম্যাটটিতে খুবই বাজে সময় গেছে বাংলাদেশের। একমাত্র জিম্বাবুয়ে ছাড়া সবার বিপক্ষেই পরাজিত হয়েছে। সেই তালিকায় রয়েছে ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অপেক্ষাকৃত দ্বিতীয় সারির দলের বিপক্ষে পরাজয়ের লজ্জাবরণ। তার ওপর টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে একের পর এক পরাজয়। এবং সবশেষে ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে টেস্ট ও টি-টোয়েন্টিতে হোয়াইটওয়াশ। সবমিলিয়ে বিপর্যস্ত অবস্থায় নতুন বছরের শুরুতে মাঠে নামে বাংলাদেশ।

তৃতীয়ত, টেস্ট ফরম্যাটে বিদেশের মাটিতে সবসময় খাবি খায় বাংলাদেশ। কেবল শ্রীলঙ্কা ও জিম্বাবুয়ের মাটিতেই কিছুটা লড়াই করতে পারে। এর বাইরে আর কোনো দেশের মাটিতে নূন্যতম লড়াই পর্যন্ত করতে পারে না লাল-সবুজ পতাকাধারীরা। এমন পরিস্থিতিতে নিউজিল্যান্ডের বিপক্ষে এই জয়টি নিশ্চিতভাবেই সবদিক দিয়ে এগিয়ে থাকবে। তাছাড়া এটিকে কোনোভাবেই অঘটন বলা যাবে না। কারণ, মাউন্ট মঙ্গানুইয়ে পুরো পাঁচদিন দাপট দেখিয়েছে বাংলাদেশি ক্রিকেটাররা। একটিবারের জন্যও মনে হয়নি খারাপ খেলছে তারা। প্রতিটি মুহূর্তে দলগত পারফরম্যান্সে মুগ্ধ করেছে মুমিনুল বাহিনী।

চতুর্থত, এটি সব ফরম্যাট মিলিয়ে নিউজিল্যান্ডের মাটিতে বাংলাদেশের প্রথম জয়। ১৬ বারের মোকাবিলায় কিউইদের বিপক্ষে প্রথম টেস্ট জয়। দেশের বাইরে টেস্ট র‌্যাংকিংয়ে শীর্ষ পাঁচ দলের কাউকে প্রথমবার হারানো। বিদেশের মাটিতে খেলা ৬১ টেস্টের মধ্যে ৬ষ্ঠ জয়। নিউজিল্যান্ডের মাটিতে তাদের টানা ৮টি সিরিজ জয়ের রেকর্ড ভাঙা। নিজেদের মাঠে কিউইদের টেস্টে টানা ১৭ ম্যাচ অপরাজিত থাকার রেকর্ড ভাঙা।

ইত্তেফাক/টিএ