স্কুলছাত্রসহ গুলিবিদ্ধ ৫
চকরিয়া (কক্সবাজার) সংবাদদাতা
চকরিয়ায় জমি নিয়ে বিরোধের জের ধরে দুই পক্ষের সংঘর্ষে আব্দু শুক্কুর (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছে। এ ঘটনায় এক স্কুলছাত্রসহ ছয়জন গুলিবিদ্ধ হয়েছে। গত বুধবার উপজেলার কোনাখালী ইউনিয়নের আব্দুল হাকিমপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
জানা গেছে, পেকুয়া উপজেলার জমিদার বাড়ির আক্তার আহমদ চৌধুরীর কোনাখালী ইউনিয়নে জমি রয়েছে। ওই জমির মধ্যে আব্দু শুক্কুরের পৈতৃক জমির মালিকানা দাবি নিয়ে দীর্ঘদিনের বিরোধ চলে আসছিল। এ নিয়ে মামলাও আছে। মামলার পরিপ্রেক্ষিতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বিরোধীয় জায়গায় গতকাল সরেজমিনে পরিদর্শনে যাওয়ার কথা ছিল। তিনি পরিদর্শনে যাওয়ার আগেই দুই পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। একপর্যায়ে গোলাগুলিতে আব্দু শুক্কুর গুলিবিদ্ধ হয়ে মারা যান। এ সময় ১৫ ব্যক্তি আহত হয়েছে। আহতদের মধ্যে গুরুতর তিনজনকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। আহতরা হলেন— রুবেল, মনুর আলম, তার ভাই নুরুল হোসেন, স্কুলপড়ুয়া ছেলে ইমরুল হক, আবু ছিদ্দিক ও স্কুলপড়ুয়া মোঃ ইসমাঈল প্রমুখ।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) খোন্দকার মোঃ ইখতিয়ার উদ্দিন আরাফাত বলেন, সংঘর্ষের ঘটনার কথা শুনে তিনি আর তদন্তের কাজে যাননি। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ বখতিয়ার উদ্দিন চৌধুরী জানান, এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।
