বগুড়ার গাবতলী উপজেলার রামেশ্বরপুর ইউপি নির্বাচনে প্রতিপক্ষের ছুরিকাঘাতে জাকির হোসেন (৪০) নামে এক যুবক নিহত হয়েছেন। বুধবার (৫ জানুয়ারি) দুপুর ২টার দিকে গাবতলী উপজেলার রামেশ্বরপুর ইউনিয়নের ২নং ওয়ার্ডের জাইগুলি উচ্চ বিদ্যালয় কেন্দ্রের পাশে এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করে গাবতলী থানার ওসি জিয়া লতিফুল ইসলাম বলেন, নিহত জাকির হোসেন জাইগুলি উত্তরপাড়া এলাকার মৃত লয়া মিয়ার ছেলে। প্রতিপক্ষের হামলায় জাকির আহত হলে তাকে হাসপাতালে নেওয়ার পর বিকেল ৩টার দিকে মৃত্যু হয়।
স্থানীয়রা জানান, রামেশ্বরপুর ২ নং ওয়ার্ডে ফেরদৌস হাসান মিঠু (ফুটবল) ও ডা. সাহিদুল ইসলাম (তালা প্রতীক) এই দুই মেম্বার প্রার্থীর সমর্থকদের মধ্যে দুপুর ২টার দিকে সংঘর্ষ বাঁধে। জাকির হোসেন ডা. সাহিদুল ইসলামের সমর্থক ছিলেন। এক পর্যায়ে জাকির হোসেন সেখানে গিয়ে ভিডিও করার সময় প্রতিপক্ষের লোকেরা জাকির হোসেনের উপর হামলা চালায়। এ সময় তার মাথায় পিঠে ও পাজরে ছুরিকাঘাত করা হয়। তার চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে জাকিরকে গুরুতর অবস্থায় উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করার কিছুক্ষণ পরই তার মৃত্যু হয়।
এলাকাবাসী জানায়, নিহত জাকির হোসেন পেশায় রঙ মিস্ত্রি। শখের বসে তিনি এলাকার বিভিন্ন সমস্যাসহ তার ফেসবুকে তুলে ধরতেন এবং ভিডিও করতেন। তার জাকির লাইভটিভি নামে একটি আইপটিভিও আছে তার। সকাল থেকে তিনি নির্বাচনের বিষয় নিয়ে লাইভ করছিলেন। এছাড়া জাকির হোসেন নিরাপদ সড়ক চাই সংগঠনের একজন সক্রিয় সদস্য ছিলেন।
বগুড়া শহরের ছিলিমপুর (মেডিকেল) পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) শামীম হোসেন জানান, হাসপাতালে কিছুক্ষণ চিকিৎসাধীন থাকার পর জাকিরের মৃত্যু হয়। লাশের ময়নাতদন্তের প্রস্তুত চলছে।
গাবতলী থানার ওসি জিয়া লতিফুল ইসলাম জানান, বর্তমানে পরিবেশ তাদের নিয়ন্ত্রণে রয়েছে। জড়িতদের দ্রুত গ্রেফতার করা হবে।
