মৌলভীবাজারের বড়লেখায় হেলাল উদ্দিন (৫৫) নামের এক কৃষককে দা দিয়ে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন। এই ঘটনার জেরে উভয়পক্ষের সংঘর্ষে অন্তত ১০ ব্যক্তি আহত হয়েছেন। বুধবার (৫ জানুয়ারি) বিকেলে উপজেলার তালিমপুর ইউনিয়নের খুঁটাউরা গ্রামে এই ঘটনা ঘটে। বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর হোসেন সরদার এই তথ্য নিশ্চিত করেছেন।
জানা গেছে, নিহত হেলাল ওই গ্রামের মৃত ছখাওত আলীর ছেলে ও সাবেক ইউপি সদস্য বেলাল আহমদের ভাই। হেলালকে হত্যার অভিযোগে ৪ জনকে পুলিশ গ্রেফতার করেছে। এর মধ্যে থেকে দুজনকে চিকিৎসার জন্য সিলেট ওসমানী হাসপাতালে পাঠানো হয়েছে। এই ঘটনায় ৪ জনকে গ্রেফতার করা হয়েছে। তারা হলেন খুটাউরা গ্রামের হিফজুর রহমান (২৫), নাজিম উদ্দিন (৩২), ছফর উদ্দিন (৩৫) ও ছাদিকুর রহমান (২০)।
পুলিশ-সূত্রে জানা গেছে, দুপুরে তালিমপুর ইউপির খুটাউরা গ্রামের সাবেক ইউপি সদস্য বেলাল আহমদের ছেলে নয়ন আহমদ নৌশাদ বাড়ির পাশের রাস্তায় মোটরসাইকেল নিয়ে দাঁড়িয়েছিলেন। একই সময় এলাকার আরজান আলী কটাইর ছেলে ছাদিকুর রহমান ও ছফর উদ্দিন দ্রুতবেগে মোটরসাইকেল নিয়ে নৌশাদের মোটরসাইকেলে ধাক্কা দেন। এ সময় নৌশাদ প্রতিবাদ করলে তারা তাকে মারধর করেন। খবর পেয়ে নৌশাদের চাচা হেলাল উদ্দিন ক্ষেত থেকে বাড়ি ফেরার পথে অভিযুক্তরা তাকে দা দিয়ে কুপিয়ে জখম করেন। পরিবার ও স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে বড়লেখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এদিকে ঘটনার জেরে উভয়পক্ষের সংঘর্ষ হয়েছে। এতে শেখ ফরিদ (৪৫), নয়ন আহমদ (১৫), শাহ আলম (২৩), রাজু আহমেদ (১৪), নাজিম উদ্দিন (৩২), হিফজুর রহমান (২৫), ছাদিকুর রহমান (২০), ছফর উদ্দিন (৩৫) সহ অন্তত ১০ জন আহত হয়েছেন।
ওসি বলেন, ‘খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করেছে। এই ঘটনায় চারজনকে গ্রেফতার করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।’
