প্রায় দুই দশকে বেশকিছু জনপ্রিয় গান দর্শকদের উপহার দিয়েছেন সংগীতশিল্পী শহীদ। তার ব্যান্ড দূরবীনের নতুন গান, কনসার্ট ও ইন্ডাস্ট্রি প্রসঙ্গে তিনি কথা বললেন ইত্তেফাকের সঙ্গে। সাক্ষাৎকার নিয়েছেন এ এম রুবেল
- সম্প্রতি দূরবীন-এর নতুন একটি গান রিলিজ পেয়েছে। সাড়া কেমন পাচ্ছেন?
দূরবীনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ‘দিও খবর’ শিরোনামের এই গানটি আমরা প্রকাশ করেছি। নাহিদ হাসানের কথায় গানটির সুর-সংগীতও আমি করেছি। গানটি প্রকাশের পর থেকেই দারুণ সাড়া পাচ্ছি।
- অন্যান্য কাজের ব্যস্ততা নিয়ে জানতে চাই
— ব্যস্ততা বলতে, প্রতিমাসে দুই-তিনটি শো করছি দেশের বিভিন্ন স্থানে। এছাড়া দূরবীন থেকে আগামী ২৫ তারিখে ‘প্রেমের বদনাম’ শিরোনামের একটি গান রিলিজ দিচ্ছি।
- অনেকেই বলে থাকেন, ব্যান্ড সংগীতের যুগ শেষ হয়ে গেছে। আপনি কি বলবেন?
না, এই কথায় সঙ্গে আমি একমত হতে পারলাম না। ব্যান্ডের জনপ্রিয়তা কখনো কমেনি এবং কমবেও না। করোনার কারণে কিছুদিন তো সবাই গান থেকে দূরে ছিলাম আমরা। এখন আবার কনসার্টে ফিরছি এবং দেখতে পাচ্ছি আমাদের প্রতিটি কনসার্টে লাখ লাখ মানুষ আসছেন। আসলে ব্যান্ডের মূল জায়গাই তো কনসার্ট।
- আপনার দৃষ্টিতে গানের সঙ্গে মিউজিক ভিডিওর প্রয়োজনীয়তা আছে কি-না?
দেখুন, মিউজিক ভিডিও নতুন একটি ট্রেন্ড। তাছাড়া মিউজিক ভিডিও গানের মান তো কমায়নি। মানুষ এখন শোনার সঙ্গে দেখতে চায়। সেক্ষেত্রে মানসম্মত একটি গানের সঙ্গে ভালো একটি মিউজিক ভিডিও থাকলে বেশি মানুষ দেখেন এবং গানটি জনপ্রিয়তা পায়। তবে মিউজিক ভিডিও ছাড়াও ভালো গান মানুষ গ্রহণ করেন, এটাও সত্য।
- শিল্পীদের এককভাবে গান রিলিজের বিষয়টি নিয়ে কী বলবেন?
আসলে লেভেল কোম্পানি একসঙ্গে ৪/৫টি গান রিলিজ দিচ্ছেন এবং একদিন হয়তো প্রচার করছেন। রয়্যালিটিও ঠিকমতো পাচ্ছি না। এমনকি সেই গানটি নিজের ফেসবুকেও আপলোড করতে পারছি না। আমার গান তাদের কাছে চলে যাচ্ছে, কিন্তু দর্শক-শ্রোতাদের কাছে পৌঁছাচ্ছে না! ফলে শিল্পীরা নিজের মতো করে রিলিজ দিচ্ছে।
- সংগীত ইন্ডাস্ট্রির বর্তমান অবস্থা কীভাবে মূল্যায়ন করবেন?
করোনার সময় সংগীতাঙ্গনের সবার অবস্থাই খুব শোচনীয় ছিল। তবে আবারো সব নতুন করে শুরু হওয়ায় অবস্থা ভালোর দিকেই যাচ্ছে। এছাড়া যারা সংগীতকে পেশা হিসেবে নিয়েছেন তাদের অবস্থা এখন অনেক ভালো বলা যায়।
