তজুমদ্দিন উপজেলার মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন দুর্গম চরাঞ্চলের প্রায় ৩০ হাজার মানুষের বিদ্যুতের আলো পাওয়ার স্বপ্ন বাস্তবায়িত হয়েছে। মেঘনা নদীর তলদেশ দিয়ে সাবমেরিন কেবলের মাধ্যমে এ বিদ্যুৎ সংযোগ চালু করা হয়েছে।
ভোলা পল্লী বিদ্যুৎ সমিতির আয়োজনে বুধবার (৫ জানুয়ারি) দুপুরে চর মোজ্জাম্মেলের শাওন বাজারে বিদ্যুতের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ভোলা-৩ আসনের সংসদ সদস্য নূরুন্নবী চৌধুরী শাওন। এসময় এমপি শাওন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দেওয়ার যে অঙ্গীকার তা বাস্তবায়নের অংশ হিসেবে মেঘনা বেষ্টিত চরাঞ্চলকেও বিদ্যুতের আলোয় আলোকিত করা হয়েছে। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকলে চরবাসীর শিক্ষা-যোগাযোগসহ জীবনমানের আরও উন্নয়ন করা হবে।
ভোলা পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার আলতাফ হোসেন জানান, তজুমদ্দিন চৌমহনী ঘাট সংলগ্ন বালিয়াকান্দি রাস্তার মাথা থেকে চর লাদেন পর্যন্ত মেঘনা নদীর তলদেশ দিয়ে ৩৮ কিলোমিটার দৈর্ঘ্য, চারটি সাবমেরিন ক্যাবলের মাধ্যমে চর মোজাম্মেল, চর শাওন, চর জহিরউদ্দিনসহ পাঁচটি চরে ৩২২ কিলোমিটার বৈদ্যুতিক লাইন নির্মাণ করা হয়েছে। বর্তমানে ১ হাজার ৭৩৫ জনকে সংযোগ দেওয়া হলেও পর্যাক্রমে ৮ হাজার ৬০০ জনকে বৈদ্যুতিক সুবিধার আওতায় আনা হবে।
এদিকে দীর্ঘ বছরের প্রতিক্ষার পর বিদ্যুৎ পেয়ে খুশি এসব চরের বাসিন্দারা। স্বপ্নের এ বিদ্যুৎ চরবাসীর মধ্যে যেন ভিন্ন এক আনন্দ দিয়েছে।
