ওমিক্রনের আগমনে যেন বিস্ফোরণ হলো করোনাভাইরাসের বিস্তারে। ইউরোপ, আমেরিকা ও এশিয়ার বিভিন্ন দেশে হু হু করে বাড়ছে এর সংক্রমণ। রেকর্ড সৃষ্টি হচ্ছে বিভিন্ন দেশে।
যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, অস্ট্রেলিয়া ও ইসরায়েলে দৈনিক করোনা শনাক্ত রেকর্ড ছুঁয়েছে। যুক্তরাষ্ট্রে দৈনিক সংক্রমণের সংখ্যা ১০ লাখ ছাড়িয়েছে। যা বিশ্বে নতুন এক রেকর্ড।
গত বুধবার (৬ জানুয়ারি) ফ্রান্সে ৩ লাখ ৩২ হাজার। এর আগের দিন মঙ্গলবার যুক্তরাজ্যে দুই লাখ, অস্ট্রেলিয়ায় ৫০ হাজার এবং ইসরায়েলে প্রায় ১২ হাজার ব্যক্তির দেহে করোনার উপস্থিতি পাওয়া গেছে। যা দৈনিক শনাক্তের দিক থেকে অতীতের সব রেকর্ড সহজেই ছাড়িয়ে গেছে।
এদিকে ভারতে মাত্র ৮ দিনে করোনায় সংক্রমিতের সংখ্যা বেড়েছে ছয় গুণ। অতি সংক্রামক ওমিক্রন ধরনের কারণেই যুক্তরাষ্ট্র, ভারতসহ বিভিন্ন দেশে করোনার হার হু হু বাড়ছে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার কর্মকর্তা আবদি মাহমুদ বলেছেন, ব্যাপক সংক্রামক ওমিক্রনের বিস্তার ঘটেছে বিশ্বের ১২৮টি দেশে। ওমিক্রনের ব্যাপক সংক্রমণ করোনাভাইরাসের আরো নতুন ভয়ংকর ধরন তৈরির ঝুঁকি বাড়িয়েছে।
