আগুনে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন করবে সরকার :কাদের

আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০১৯, ২২:৪৪

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, চকবাজার অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন করা হবে। ভয়াবহ এ দুর্ঘটনায় যারা ক্ষতিগ্রস্ত, তাদের পুরোপুরি পুনর্বাসন না হওয়া পর্যন্ত সরকার তাদের পাশে থাকবে। চকবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যতে এই ধরনের ঘটনা এড়াতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন তিনি।

গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে চকবাজারে আগুনে পুড়ে যাওয়া ওয়াহিদ

ম্যানসনসহ আশপাশের এলাকা পরিদর্শনে গিয়ে তিনি এসব কথা বলেন। কাদের বলেন, বুধবার রাতের এই অগ্নিকাণ্ডের ঘটনা জানার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজে তদারকি করেছেন। তিনি আমাকেও নির্দেশনা দিয়েছেন ঘটনাস্থল পরিদর্শনের জন্য।  ২০১০ সালে নিমতলীতে অগ্নিকাণ্ডের পরও পুরান ঢাকায় কেমিক্যাল গোডাউন থাকার বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে মন্ত্রী বলেন, কেমিক্যালের গোডাউন অবশ্যই ছিল। সেই কারণেই আগুন দ্রুত ছড়িয়েছে এবং ক্ষয়ক্ষতি অনেক বেশি হয়েছে। এ বিষয়ে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেব। তিনি বলেন, চকবাজারের ঘটনা থেকে আমরা আবারও শিক্ষা পেলাম। ভবিষ্যতে প্রয়োজনীয় পদক্ষেপ নেব, মনোযোগী হব, মনোনিবেশ করব। এ ঘটনায় সরকারের পক্ষ থেকে একটি তদন্ত কমিটি গঠনের কথা জানিয়ে ওবায়দুল কাদের বলেন, সরকারের পক্ষ থেকে তদন্ত কমিটি গঠন করা হবে। তদন্তের পর প্রয়োজনীয় পদক্ষেপ নেব।

‘যতটা ক্ষতি হওয়ার কথা ছিল, ততটা হয়নি’:চকবাজারের আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের কাজের প্রশংসা করে ওবায়দুল কাদের বলেন, আগুন লাগার পর ফায়ার সার্ভিস তড়িত্ ব্যবস্থা নেওয়ার কারণে আগুন দ্রুত নেভানো সম্ভব হয়েছে। এ কারণে এতবড় আগুনেও যতটা ক্ষতি হওয়ার কথা ছিল, ততটা ক্ষতি হয়নি। তাই ফায়ার সার্ভিসকে ধন্যবাদ জানাই। ওবায়দুল কাদের বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা চকবাজারের ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় হতাহতদের পরিবারকে প্রয়োজনীয় মানবিক সহায়তা ও ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছেন।

ঘটনাস্থলে স্বরাষ্ট্রমন্ত্রী:এসময় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকন উদ্যোগ নিলে পুরান ঢাকা থেকে সব কেমিক্যাল গোডাউন সরিয়ে নেওয়া হবে। এ কাজে মেয়রকে সর্বাত্মক সহযোগিতা করবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী আতিকুল ইসলামও চকবাজার পরিদর্শনে আসেন। তিনি বলেন, নাগরিকদের নিরাপত্তা সবার আগে দেখতে হবে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এক্ষেত্রে যথাযথ পদক্ষেপ নিতে হবে। এসময় স্থানীয় সংসদ সদস্য হাজী মোহাম্মদ সেলিম, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ প্রমুখ উপস্থিত ছিলেন।