আবারও নির্বাচক হতে চান নান্নু

আপডেট : ০৬ জানুয়ারি ২০২২, ১৪:৪৬

বিগত ৯ বছর ধরে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচক প্যানেলের সদস্য হিসেবে আছেন মিনহাজুল আবেদিন নান্নু। আর প্রধান নির্বাচকের দায়িত্ব পালন করছেন গত কয়েকবছর ধরে। তার কমিটির মেয়াদ ডিসেম্বরেই শেষ হয়ে গেছে। এখন বোর্ড প্রেসিডেন্টের কথায় বাড়তি সময় দায়িত্ব পালন করে যাচ্ছেন।

বর্তমান সময়ে ব্যাপক সমালোচিত হয়েছেন সাবেক এই অধিনায়ক। মূলত তার দল নির্বাচন নিয়ে বারবার প্রশ্ন ওঠছে। যাদের বাদ দিচ্ছেন, তাদের কারণ দেখাতে পারছেন না। আবার যাদের দলে নিচ্ছেন, তাদের কী মানদণ্ডে নেওয়া হচ্ছে তারও ব্যাখ্যা দিতে পারছে না নান্নুর নেতৃত্বাধীন নির্বাচক প্যানেল।

এর মাঝেই মোহাম্মদ আশরাফুলকে নিয়ে বিতর্কিত মন্তব্য করে নতুন করে আলোচনায় মিনহাজুল আবেদিন নান্নু। যা ভালোভাবে নেয়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।  ক্রিকেট অপারেশন্স বিভাগের প্রধান জালাল ইউনুস জানিয়েছেন, বোর্ড প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপনের সঙ্গে আলোচনা করে এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে, সংবাদমাধ্যমের সঙ্গে আলাপকালে মিনহাজুল আবেদিন নান্নু জানিয়েছেন, বিসিবি চাইলে তিনি আবারও নির্বাচক হিসেবে দায়িত্ব পালন করে যেতে চান।

তিনি বলেন, ‘গত ৩১ ডিসেম্বর মেয়াদ শেষ হয়েছে। বোর্ড থেকে আমাদের জানুয়ারি পর্যন্ত কাজ করতে বলা হয়েছে। বোর্ড মিটিং হওয়ার পরই সিদ্ধান্ত। এখন তারা যদি কন্টিনিউ করতে বলে তাহলে অবশ্যই করবো।’

নান্নু বলেন, ‘খেলা ছাড়ার পর থেকেই বোর্ডের সঙ্গে যুক্ত আছি। প্রথমে কোচিংয়ের ছিলাম, এখন নির্বাচক প্যানেলে আছি।’

ইত্তেফাক/টিএ