ঠিকানা অনুযায়ী চিঠি পৌঁছে দেওয়া পোস্টম্যানদের কাজ। তবে ৩২ বছর ধরে নিখোঁজ থাকা জিয়াউল হক (৬২) নামে এক মানসিক ভারসাম্যহীন ব্যক্তিকে তার পরিবারের কাছে ফিরিয়ে দিলেন ডোমার পোস্ট অফিসের বোড়াগাড়ী শাখার পোস্টম্যান হোসেন আলী।
বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে পরিবারের কাছে তাকে হস্তান্তর করেন হোসেন আলী। মানসিক ভারসাম্যহীন ঐ ব্যক্তি পিরোজপুর জেলার ৩ নম্বর দূর্গাপুর ইউনিয়নের মরহুম আলহাজ মোক্তাদের আলী মাঝির ছেলে জিয়াউল হক (৬২)।
পরিবারের সদস্যরা জানান, প্রায় ৩২ বছর পূর্বে জনস্বাস্থ্য প্রকৌশল দপ্তরের ডোমার উপজেলায় টাইপিস্ট পদে পোস্টিং হয় জিয়াউল হকের। পরে স্ত্রীর সঙ্গে বিবাহবিচ্ছেদ ঘটে। তারপর থেকে জিয়াউল হকের আর কোনো খোঁজ পায়নি কেউ।
পোস্টম্যান হোসেন আলী জানান, জিয়াউল হক চাচা ডোমার পোস্ট অফিসে প্রায়ই এসে মানি অর্ডার করত। কেউ গ্রহণ না করায় সেই টাকা ফেরত চলে আসত। এভাবে তিনি প্রায় ২০ বছর ধরে পোস্ট অফিসে আসতেন। কয়েক দিন আগে তার কাছ থেকে ঠিকানা নিয়ে পিরোজপুরের বিভিন্ন ফেসবুক গ্রুপে ছবিসহ পোস্ট দেই। কিছুদিন পর সৌরভ নামের পিরোজপুরের এক পোস্টম্যানের সহায়তায় তার পরিবার খুঁজে পাই। অবশেষে তার ছেলে ডোমারে এসে তাকে নিয়ে যায়।
জিয়াউল ইসলাম আবেগাপ্লুত কণ্ঠে বলেন, ৩২ বছর ধরে ছেলেমেয়েদের খুঁজে চলছি। আজ তাদের পেলাম। খুব ভালো লাগছে।

ওমরাহ পালনে নতুন নির্দেশনা সৌদির