বোনের বিয়ে দেখে যেতে পারলেন না রোহান

আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০১৯, ২২:৪৬

ইত্তেফাক রিপোর্ট

বুধবার রাতে দুই মোটরসাইকেলে চার বন্ধুসহ বেরিয়েছিলেন বিয়ের কেনাকাটাসহ আরও কিছু কাজ সারতে। ছোট বোনের বিয়ের আয়োজন নিয়ে ক’দিন ধরেই ছোটাছুটি করছিলেন রোহান। কিন্তু বোনের বিয়ে দেখে যাওয়া হলো না তার। আগুন থামিয়ে দিল নর্থ-সাউথ বিশ্ববিদ্যালয়ের বিবিএ দ্বিতীয় সেমিস্টারের ছাত্র রোহানের জীবন। 

রোহানের সঙ্গে মারা গেছেন তার বন্ধু উইলস লিটল ফ্লাওয়ার স্কুলের ‘এ’ লেভেলের শিক্ষার্থী আরাফাতও। আরাফাত কাজী আলাউদ্দিন রোড সংলগ্ন আগা মসজিদ এলাকার বাসিন্দা। রোহান ও আরাফাতের স্বজনরা ঢাকা মেডিক্যালের মর্গে এলেও তারা লাশ শনাক্ত করতে পারছিলেন না। রোহানের চাচাত ভাই কাপড় ব্যবসায়ী মমিন খান বলেন, রোহানের মরদেহ মর্গে আছে বলে নিশ্চিত হয়েছি। কিন্তু কেউ রোহানের মরদেহ শনাক্ত করতে পারছি না।

মর্গের সামনে মোহাম্মদ  ওয়াজেদ জানান, রোহান আর আরাফাতের সঙ্গে ছিলেন তার ভাগ্নে মাইনুল ইসলাম লাবিব, রমিজ ও সোহাগ। লাবিব, রমিজ আর সোহাগ ছিলেন একটি মোটরসাইকেলে আর রোহান ও আরাফাত ছিলেন অপরটিতে। লাবিবের মাথার সামান্য অংশ দগ্ধ হলেও আরাফাতের মোটর সাইকেলটিতে আগুন ধরে আরাফাত ও রোহান দুজনই মারা গেছেন। আগামী মার্চে রোহানের ছোট বোনের বিয়ে। সেজন্য রোহান বন্ধুদের নিয়ে কেনাকাটাসহ বিয়ের আয়োজন নিয়ে ব্যস্ত ছিলেন।