ইত্তেফাক রিপোর্ট
চারিদিকে আগুনের লেলিহান শিখা। বাঁচার জন্য সবার হুড়াহুড়ি। এরই মধ্যে কোলে চার বছরের শিশুকে নিয়ে বাঁচার আকুতি মা আনিকা তাবাসসুম নেহার। কিন্তু কেউই তাকে বাঁচাতে পারেনি। বাঁচার আকুতি নিয়েই ফুটফুটে বাচ্চাকে নিয়ে পরপারে চলে গেলেন নেহা।
চকবাজারের রাজমহল হোটেলের ওপর তলায় থাকত নেহার পরিবার। আগুন লাগার খবর পেয়ে চার বছরের শিশু ফাতেমাকে বুকে জড়িয়ে বাঁচার জন্য নিচে নেমে আসেন নেহা। এসেই ‘বাঁচাও’, ‘বাঁচাও’ বলে চিত্কার শুরু করেন। কোথাও যাওয়ার উপায় নেই তাদের। এই পরিস্থিতিতে কেউ তাদের সামনে যেতে পারছে না। দূর থেকে সবাই দেখলেন শিশুটিকে কোলে রেখেই আগুনে পুড়লেন মা। বুধবার রাতে চকবাজারের ওয়াহেদ ম্যানশনে আগুন লাগার ঘটনার এভাবে বর্ণনা দেন ফায়ার সার্ভিসকর্মী সবুজ খান।
তিনি বলেন, যদি শিশুটি আর মাকে বাঁচাতে পারতাম, তাহলে নিজেকে ধন্য মনে করতাম। কথাগুলো বলতে বলতে চোখ ভিজে আসে তার।
