ময়মনসিংহের ত্রিশাল উপজেলার ধানীখোলা ইউনিয়নের কাটাখালী গ্রামে চাঞ্চল্যকর অজ্ঞাত তরুণী হত্যাকাণ্ডের রহস্য উন্মোচন হয়েছে। হত্যাকাণ্ডে জড়িত প্রেমিক সেলিম মল্লিককে (৩০) আটক করার পর তার দেওয়া তথ্য অনুযায়ী একটি ডোবা থেকে বৃহস্পতিবার (৬ জানুয়ারি) ঐ তরুণীর কাটা মাথা উদ্ধার করেছে র্যাব।
অজ্ঞাত ঐ তরুণীর পরিচয়ও জানা গেছে। তার নাম সুলতানা বেগম (২৭), বাড়ি রংপুরের মিঠাপুকুরে। বাবার নাম জুলু মিয়া। গাজীপুরে একটি প্রতিষ্ঠানে চাকরি করতেন সুলতানা। সেখানেই মোবাইল ফোনে পরিচয় হয় খুনি সেলিম মল্লিকের সঙ্গে। সেলিম ত্রিশাল উপজেলার কাটাখালী গ্রামের আব্দুল খালেকের পুত্র।
র্যাব-১৪-এর অতিরিক্ত পুলিশ সুপার মো. হান্নানুল ইসলাম জানান, দুই জনের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। সম্প্রতি ঐ তরুণী বিয়ের জন্য সেলিমকে চাপ সৃষ্টি করলে সেলিম তাকে খুন করার পরিকল্পনা করে। সে পরিকল্পনা অনুযায়ী ঘটনার দিন রাতে স্থানীয় অপর এক ব্যক্তির সহযোগিতায় ঐ তরুণীকে নির্মমভাবে হত্যা করে লাশের পরিচয় গোপন করার জন্য দেহ থেকে মস্তক বিচ্ছিন্ন করে অন্য একটা জায়গায় লুকিয়ে রাখে সেলিম।
