শতাধিক মুসলিম নারীকে নিলামে তোলা অ্যাপ ‘বুল্লি বাই’-এর নির্মাতাকে ভারতের আসাম থেকে গ্রেফতার করা হয়েছে। ওই নির্মাতা কোনো ভুল করেননি বলে দাবি করেছেন। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে এনডিটিভি।
বৃহস্পতিবার (৬ জানুয়ারি) দিল্লি পুলিশের বিশেষ শাখা আইএফএসওর উপপুলিশ কমিশনার কে পি এস মলহোত্রা জানান, বুল্লি বাই অ্যাপটি বানিয়েছেন নীরাজ বিষ্ণোই নামের এক ব্যক্তি। তাকে আইএফএসওর একটি দল আসাম থেকে গ্রেফতার করেছে। তিনি গিটহাবের বুল্লি বাই অ্যাপের মূলহোতা ও নির্মাতা এবং অ্যাপটির প্রধান অ্যাকাউন্টধারী।
জানা যায়, বিষ্ণোই ভোপালের একটি প্রতিষ্ঠানের ইঞ্জিনিয়ারিংয়ের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। তাকে দিল্লিতে আনা হচ্ছে।
এ নিয়ে এ মামলায় চারজনকে গ্রেফতার করা হয়েছে। আগের তিনজনকে মুম্বাই পুলিশের সাইবার টিম গ্রেপ্তার করেছে। তারা হলেন মৈনাক রাওয়াল (২১) শ্বেতা সিং (১৯) এবং ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্র বিশাল কুমার। মুম্বাই পুলিশ বলছে, শ্বেতা সিং এ চক্রের মূলহোতা।
ঘটনার শুরু গত ১ জানুয়ারি। শতাধিক মুসলিম নারীর তালিকা নিলামের জন্য অ্যাপে প্রকাশ করা হলে এ বিতর্কের সৃষ্টি হয়। দিল্লি পুলিশ জানায়, ইসমত আরা নামে এক সাংবাদিক মামলা দায়েরের পর তারা এ বিষয়ে তদন্ত করছেন। এক বছরের কম সময়ের মধ্যে দ্বিতীয়বার প্রকাশিত এমন বিজ্ঞাপন ঘিরে বিতর্কের সৃষ্টি হয়।

