বাংলাদেশের বিপক্ষে খেলেই টেস্ট ক্রিকেট থেকে অবসর নিচ্ছেন নিউজিল্যান্ডের কিংবদন্তী ব্যাটার রস টেলর। আগামী ৯ জানুয়ারি শেষ টেস্ট খেলতে নামবেন তিনি। তার আগে মাউন্ট মঙ্গানুইয়ে প্রথম টেস্টে খুব বেশি কিছু করতে পারেননি। দলও নিজেদের মাটিতে প্রথমবারের মতো বাংলাদেশের কাছে পরাজয়ের লজ্জাবরণ করেছে।
মাউন্ট মঙ্গানুই টেস্টে বাংলাদেশের জয়ের নায়ক পেসার এবাদত হোসেন। দ্বিতীয় ইনিংসে তিনি একাই কিউই ব্যাটিং লাইনআপে ধস নামিয়েছেন। মাত্র ৪৬ রানের বিনিময়ে নিয়েছেন ৬টি উইকেট। যার মধ্যে আছে অভিজ্ঞ রস টেলরের মহামূল্যবান উইকেটটিও। পঞ্চম দিন সকালে যখন ৪০ রানে ব্যাট করছিলেন টেলর, তখন দারুণ এক ডেলিভারিতে কিউই ব্যাটারকে পরাস্ত করেন এবাদত। এরপর আর দাঁড়াতেই পারেনি স্বাগতিকরা।
তার আগে চতুর্থ দিনও টেলরকে বেশ কয়েকবার বোকা বানিয়েছিলেন এবাদত। পরে দিন শেষে দুজনের মধ্যে কথাও হয়েছে। সে সম্পর্কে ইএসপিএনক্রিকইনফোকে দেওয়া এক সাক্ষাৎকারে এবাদত হোসেন জানিয়েছেন, তাদের মধ্যে কী বিষয় নিয়ে কথা হয়েছে।
এবাদত বলেন, ‘আমি তাকে (টেলর) বলেছি, তুমি ভালোভাবে বলটিকে মারতে পারতে। কেন তুমি আমার বলটি মারো নি? জবাবে টেলর বলেন, ভাই, যদি তুমি পিচে এমন বল ডেলিভারি দাও, তাহলে কেউই তোমাকে মারতে পারবে না।’
